কিশোরগঞ্জে আড়াই শতাধিক বছরের প্রাচীন বিশালায়তন ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগার খ্যাতি বিশ্বময়। উপ-মহাদেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাতের জন্য অনেক বছর ধরেই শোলাকিয়া ঈদগা বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। ২০১৬ সালের ৭ জুলাই জঙ্গি হামলার ঘটনার কারণে এই ঈদগা আরো বেশি আলোচনায় আসে। দেশের নানা প্রান্ত থেকে প্রায় চার লাখ মুসল্লি এখানে সমবেত হন। ময়মনসিংহের গফরগাঁওয়ের শতবর্ষী আক্তার হোসেন মণ্ডলসহ বিভিন্ন জেলা থেকে বহু শতবর্ষী এবং অষিতীপর বৃদ্ধ এই মাঠে আসেন, যারা অন্তত ৫০ থেকে ৭০ বছর ধরে এখানে টানা নামাজ আদায় করছেন।
কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারণে এবার সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মুসল্লিদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে উন্মুক্ত মাঠে নামাজ আদায় বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে। ফলে ১৭৫০ সালে প্রতিষ্ঠিত শোলাকিয়া ঈদগায় এবারই প্রথম ঈদের জামাত বাতিল হলো। ঈদগা কমিটির সভাপতি, জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানিয়েছেন, মুসল্লিদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সরকারের সিদ্ধান্ত অনুসারেই এবার শোলাকিয়া কেবল নয়, সকল খোলা মাঠে ঈদ জামাত বন্ধ রাখা হচ্ছে। মসজিদগুলোতে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাতের আয়োজন করা যাবে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের আয়োজন করা যাবে। জেলা প্রশাসক নিজেও বড় জামাত পরিহার করে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।