• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

মহামারী করোনায় বসে নেই মেধাবী শিশু তিতলী

মহামারী করোনায় বসে নেই মেধাবী শিশু তিতলী

# সোহেল সাশ্রু :-

মহামারী করোনায় সারাদেশ যখন বিপর্যস্ত, তখন দরিদ্র-অতিদরিদ্র মানুষের দু’মুঠো খাবারের নিশ্চয়তার জন্য সরকারের পাশাপাশি অনেকে সাংগঠনিক বা ব্যক্তিগত ভাবে এগিয়ে আসছেন যার যার সাধ্যমতো। এমনকি বসে নেই মেধাবী শিশু তিতলীও!
কিশোরগঞ্জ জেলার ভৈরবে একটি বেসরকারী তহবিল গঠনে সহযোগিতা করার জন্য তিতলীর মা যখন সামান্য আর্থিক অনুদান দেয়ার কথা বাসায় আলোচনা করছিল, তা শুনে ভৈরব উদয়ন স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী তিতলীও ভাবছিল- তার অবস্থান থেকে এই সময় অসহায়দের জন্য কী করতে পারে? তখনই তার মাথায় এলো সমাধান। মেধাবী শিক্ষার্থী হিসাবে তিতলী পিইসি এবং জেএসসি পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি পাওয়ায় এই কয়েকবছর যাবত সরকারের দেয়া বৃত্তির টাকা জমেছে তার ব্যাংক একাউন্টে। সে মা-বাবকে বলে- তার বৃত্তির টাকা দিয়ে অদম্য মেধাবী যে সব শিক্ষার্থী আছে, লকডাউনের এই সময়ে কয়েকজন শিক্ষার্থীর পরিবারকে এক মাসের চাল-ডাল জাতীয় খাদ্য সামগ্রী কিনে উপহার দেবে। বিষয়টা শুনে ওর মা-বাবা, দুনেই খুব উৎসাহ দিল তাকে। যেমন ভাবনা, তেমন কাজ।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে যারা বিগত পিইসি পরীক্ষায় এ-প্লাস নম্বর পেয়েছে, কিন্তু বর্তমানে খুবই কঠিন সময় পার করছে, তেমন চারটি পরিবারকে একমাসের খাদ্য সামগ্রী (চাল, ডাল, আটা, তেল, পিঁয়াজ, রসুন, চিনি ইত্যাদি) পাঠানো হয়, উপহার হিসাবে। তার অনুরোধ- কোথাও যেন সেই সব অদম্য মেধাবীদের নাম বা ছবি প্রকাশ না করা হয়। হোক সংখ্যায় কম, তবু কয়েকজন শিক্ষার্থী বন্ধুর পাশে দাঁড়াতে পেরে বেশ আনন্দিত তিতলী।
জোহ্রা রহমান তিতলী ভৈরব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা ও লেখক-অভিনেতা মতিউর রহমান সাগর দম্পতির একমাত্র কন্যা। তিতলী শুধু পড়ালেখায় মেধাবী নয়, গান-আবৃত্তি-অভিনয় ইত্যাদি অনেক বিষয়ে সে পারদর্শী। এমন একটি কাজে উৎসাহী হওয়ার কারণ হিসাবে তিতলী বলে- মাহমারী করোনা তো সবার জন্যই বিপদ ডেকে এনেছে। তাই সবাই মিলেই যার যার অবস্থান থেকে মোকাবেলা করতে হবে। বিপদে সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোই তো একজন মানুষের কাজ। আমিতো রোজগার করি না, আমার নিজের বৃত্তির জমানো টাকা থেকে দিতে পেরেছি, এজন্যই আমার বেশি ভাল লাগছে। মেধাবী শিক্ষার্থী তিতলীর মা জলি বদন তৈয়বা বলেন- আমার মেয়েকে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দেয়ার চেষ্টা করেছি। আজ মনে হচ্ছে- তার মানবিক গুণাবলী বিকশিত হচ্ছে। ওর এই সুন্দর চিন্তা আমাকে গর্বিত করেছে। সন্তানের এমন সুন্দর চিন্তায় বাবা হিসাবে মতিউর রহমান সাগর বলেন- সন্তানের চিন্তা চেতনাগুলো আমরাতো এমনই দেখতে চাই। শিশুরা এধরনের সুন্দর চিন্তকে লালন করবে, অনুকরণ করবে; তবেই সত্যিকারের দেশ প্রেমিক একটি নতুন প্রজন্ম গড়ে উঠবে। আমি ওর এমন মানবিক আচরণে সত্যি আনন্দিত। তিতলীর একজন প্রাক্তন শিক্ষক হিসাবে এবিষয়ে ফারহানা বেগম লিপি বলেন- তিতলী আমার একজন ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি ও ছোটবেলা থেকেই এধরনের সুন্দর আচরণের চর্চা করতো। অন্যান্য শিক্ষার্থীকে আমি তা বলতাম। আজ ওর এধরণের কাজের কথা শুনে আমি আপ্লুত এবং মনে হচ্ছে- আমরা শিশুদের মাঝে সুন্দর কিছু দিতে পারি। ওর এই চিন্তায় অনুপ্রাণিত হোক হাজারো শিশু।
তিতলীর এই প্রয়াসটি হয়তো অতি ক্ষুদ্র। তবে, লাখো তিতলী যখন এমন মানবিক গুণাবলি নিয়ে বেড়ে উঠবে, সবাই সাধ্যমত পাশের মানুষটিকে সাহায্য করার মানসিকতা পোষণ করবে, নিশ্চয় একটি মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *