কিশোরগঞ্জে করোনা সেবা দিতে গিয়ে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মীরাই বেশি আক্রান্ত হয়ে পড়েছিলেন। ১৩ মে মঙ্গলবার পর্যন্ত সারা জেলায় মৃত ৫ জনসহ মোট ১৯৯ জন আক্রান্তের মধ্যে স্বাস্থ্য বিভাগেরই ছিলেন ১০৮ জন। ঝুঁকিতে পড়ে গিয়েছিল স্বাস্থ্যসেবা খাত। আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্বাস্থ্য বিভাগের প্রতিটি স্তরে। এমনকি সাধারণ রোগীরাও তখন ডাক্তারের স্মরণাপন্ন হতে কুণ্ঠিত ছিল, শঙ্কিত ছিল। তবে এখন আর সেই অবস্থা নেই। আক্রান্ত ১০৮ জনের মধ্যে ১০২ জনই সুস্থ হয়ে গেছেন। তারা যার যার কর্মক্ষেত্রে যোগদান করে ফের নিষ্ঠার সঙ্গে করোনা সেবাসহ অন্যান্য স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। এদের মধ্যে আক্রান্ত ৪৮ জন চিকিৎসকের ৪৫ জন, এসএসএন ও মিডওয়াইফ ১৩ জনের সবাই এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী ৪৬ জনের ৪৪ জনই সুস্থ হয়ে গেছেন। এছাড়া পুলিশ বিভাগ এবং প্রশাসনেরও কয়েকজন দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন। তারাও সবাই সুস্থ হয়ে গেছেন। এর বাইরে ৮৬ জন সাধারণ রোগীর ৭০ জন সুস্থ হয়ে গেছেন। সারা জেলায় ১২ মে পর্যন্ত মোট আক্রান্ত ১৯৯ জনের মধ্যে ১৭২ জন সুস্থ হয়ে গেছেন। আর ৫ জন মারা গেছেন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ও তার অফিস সূত্রে ১২ মে পর্যন্ত উপজেলাওয়ারি হিসাব থেকে দেখা যায়-
কিশোরগঞ্জ সদর উপজেলা : ৬ জন চিকিৎসক, একজন এসএসএন ও মিডওয়াইফ এবং একজন অন্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছিলেন। এই ৮ জনের মধ্যে একজন চিকিৎসক ছাড়া সবাই সুস্থ হয়েছেন। এছাড়া অন্যান্য পেশা বা সাধারণ শ্রেণির আক্রান্ত ৯ জনের ৮ জনই সুস্থ হয়েছেন। মোট আক্রান্ত ১৮ জনের মধ্যে একজন মৃত ব্যক্তি রয়েছেন। আর ১৫ জনই সুস্থ হয়ে গেছেন।
ভৈরব : আক্রান্ত ৮ চিকিৎসকের ৬ জন সুস্থ হয়েছেন। আর আক্রান্ত ৬ জন এসএসএন ও ৭ জন অন্যান্য স্বাস্থ্যকর্মীর সবাই সুস্থ হয়েছেন। অর্থাৎ, স্বাস্থ্য বিভাগের মোট আক্রান্ত ২০ জনের মধ্যে দুই চিকিৎসক ছাড়া ১৮ জনই সুস্থ হয়েছেন। এছাড়া অন্যান্য পেশা বা সাধারণ শ্রেণির আক্রান্ত ৩২ জনের মধ্যে ২৫ জন সুস্থ হয়েছেন। এদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) এবং ১১ পুলিশ সদস্যও রয়েছেন। অর্থাৎ, মোট আক্রান্ত ৫২ জনের মধ্যে ৪৩ জনই সুস্থ হয়ে গেছেন।
করিমগঞ্জ : ৩ জন চিকিৎসক, একজন এসএসএন ও অন্যান্য ৯ জন স্বাস্থ্যকর্মীসহ মোট ১৩ আক্রান্তের সবাই সুস্থ হয়ে গেছেন। এছাড়া সাধারণ শ্রেণির আক্রান্ত ৪ জনের সবাই সুস্থ হয়েছে। এখানে এই ১৭ জনের বাইরে এক ব্যক্তি শনাক্ত হওয়ার আগেই করোনায় মারা গেছে। মারা যাবার পর তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। তাকে নিয়ে করিমগঞ্জে মোট আক্রান্ত ছিলেন ১৮ জন।
ইটনা : এখানে ৪ জন চিকিৎসক ও ৪ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেও সবাই সুস্থ হয়ে গেছেন। অন্যান্য তিনজন সাধারণ রোগী আক্রান্ত হয়ে তারাও সুস্থ হয়েছেন। ফলে ইটনায় মোট আক্রান্ত ১১ জনের সবাই সুস্থ হয়েছেন।
কুলিয়ারচর : একজন চিকিৎসক আক্রান্ত হয়ে এখন সুস্থ আছেন। এছাড়া আক্রান্ত সাধারণ রোগী ৯ জনের মধ্যে ৮ জন সুস্থ হয়েছে। একজন রোগী মারা গেছেন। অর্থাৎ, মোট আক্রান্ত ১১ জনের মধ্যে ৯ জন সুস্থ, একজন অসুস্থ ও একজন মৃত ব্যক্তি রয়েছেন।
হোসেনপুর : সাধারণ শ্রেণির ৩ জন আক্রান্তের ২ জন সুস্থ হয়েছেন, একজন চিকিৎসাধীন। এ তিনজনের বাইরে একজন মারা যাবার পর করোনা শনাক্ত হয়েছিল। ফলে এখানে মোট আক্রান্ত হয় ৪ জন।
পাকুন্দিয়া : এখানে একজন স্বাস্থ্যকর্মী ও সাধারণ আক্রান্ত রোগী ৩ জনের সবাই সুস্থ হয়েছেন।
মিঠামইন : এখানে আক্রান্ত ৬ জন চিকিৎসক, একজন এসএসএন ও অন্যান্য ১০ জন স্বাস্থ্যকর্মীর সবাই সুস্থ হয়েছেন। ৭ জন সাধারণ রোগীরও সবাই সুস্থ হয়েছেন। অর্থাৎ, ২৪ জনের সবাই সুস্থ হয়েছেন।
তাড়াইল : এখানে ১২ মে আক্রান্ত একজন চিকিৎসকসহ মোট আক্রান্ত ৯ চিকিৎসকের ৮ জনই সুস্থ হয়েছেন। আক্রান্ত এসএসএন ৫ জনের সবাই, আর অন্যান্য স্বাস্থ্যকর্মী ৮ জনের মধ্যে ৭ জন সুস্থ হয়েছেন। আর সাধারণ রোগী ৭ জনের মধ্যে ৩ জন সুস্থ হয়েছেন। অর্থাৎ, এখানে মোট আক্রান্ত ২৯ জনের মধ্যে ২৩ জনই সুস্থ হয়েছেন।
কটিয়াদী : এখানে আক্রান্ত ৮ চিকিৎসকের সবাই সুস্থ হয়েছেন। আর অন্যান্য স্বাস্থ্যকর্মী ৩ জনের মধ্যে দু’জন সুস্থ হয়েছেন। আক্রান্ত দু’জন সাধারণ রোগীর একজন সুস্থ হয়েছেন। এখানে একজন মারা যাওয়া রোগীসহ মোট আক্রান্ত হয়েছিলেন ১৪ জন। এদের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন।
অষ্টগ্রাম : এখানে একজন স্বাস্থ্যকর্মী ও দু’জন সাধারণ আক্রান্ত রোগীর সবাই সুস্থ হয়েছেন।
বাজিতপুর : এখানে দু’জন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মীর সবাই সুস্থ হয়েছেন। এছাড়া ৩ জন সাধারণ আক্রান্ত রোগীর দু’জন সুস্থ হয়েছেন।
নিকলী : এখানে ৫ জন আক্রান্তের মধ্যে দু’জন চিকিৎসক, একজন স্বাস্থ্যকর্মী ও দু’জন সাধারণ রোগীর সবাই সুস্থ হয়েছেন।