ভৈরবে স্ব উদ্যোগে ৩ দিনের জন্য শপিংমলসহ অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১২ মে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা প্রতিরোধ কমিটি ও ভৈরবের নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত মার্কেট ও দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেন। ওষুধের দোকান ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে।
এসময় আলোচনা সভায় ভৈরব করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি রোটারিয়ান আলহাজ্ব হুমায়ুন কবীর, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমান এর একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন, হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন প্রমুখ।
গত ১০ মে সরকারি নির্দেশে সারা বাংলাদেশে শপিংমলসহ বিভিন্ন দোকানপাট খুলে দেয়া হয়েছে। এতে বিভিন্ন জেলায় স্বেচ্ছায় স্ব স্ব এলাকায় মার্কেটসহ বিভিন্ন দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। কিন্তু ভৈরব মার্কেট খোলা রাখায় ভৈরবসহ আশেপাশের জেলাগুলো থেকে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। তাদের নিয়ন্ত্রণ করতে হিমসিম খাচ্ছে ভৈরবের প্রশাসন। স্বাস্থ্যবিধি না মেনে সামাজিক দূরত্ব বজায় না রেখে ব্যবসা পরিচালনা করছে ব্যবসায়ীরা। ১০ মে মাস্ক না পড়ায় ৬ জনকে জরিমানাও করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা। ভৈরব বাজারে উপচে পড়া ভিড়ে ও জনসমাগমে আতঙ্কিত হয়ে পড়েছে সচেতন মহল। বাজারে মানুষের উপচে পড়া ভিড়ে করোনাভাইরাসের মারাত্মক ঝুঁকি দেখা দিয়েছে। এজন্য ভৈরব করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার প্রতিরোধে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতির নিকট ১১ মে সোমবার একটি চিঠি দিয়েছেন বলেও জানা যায়।
এ বিষয়ে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবীর বলেন, ঈদ আরো অনেক দিন বাকী। তবে বাজার খুলে দেয়ায় মানুষের উপচে পড়া ভিড়ে তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে, সরকারি নির্দেশনা অনুযায়ী দোকানপাট পরিচালনা করলে বন্ধের সিদ্ধান্ত নিতে হত না। ভৈরবের প্রশাসনসহ নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমেই আগামী ৩ দিন মার্কেট ও দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য সন্ধ্যা থেকে ভৈরব বাজারসহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। এই তিনদিন বাজারের ওষুধের দোকান ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে। আগামী ১৬ মে থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবসা পরিচালনা করতে পারবে। ভৈরবে যেন আশেপাশের জেলা ও উপজেলার লোকজন প্রবেশ না করতে পারে সেজন্য পুলিশ প্রশাসনকে কড়া নজরধারী করতে বলা হয়েছে।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সকল ব্যবসায়ী ও জনগণের সার্বিক কল্যানের কথা চিন্তা করে সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে সার্বিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আলোচনা সভায় ভৈরবের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।