ভৈরবে অতিমাত্রায় বিদ্যুৎ লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে বিক্ষুদ্ধ জনতা। ভৈরববাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে এনে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে ১২ মে মঙ্গলবার সকাল ১১ টায় পৌর এলাকা কমলপুর আমলাপাড়া বিদ্যুৎ অফিস ঘেরাও করে এ দাবী করে পৌর এলাকাবাসী। এসময় ঘন্টাব্যাপী বিদ্যুৎ অফিসে অবস্থান করে আবাসিক নির্বাহী প্রকৌশলীসহ সকল কর্মকর্তাদের আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি করেন। তা নাহলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুশিয়ারী দেন বিক্ষুব্ধ জনতা। এসময় বিক্ষুদ্ধ জনতারা জানান, গত কয়েক মাস ধরে ভৈরবে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে বিদ্যুৎ এর কোনো ঘাটতি নেই সেখানে কেন আমরা বিদ্যুৎ পাব না। অতিমাত্রার লোডশেডিংয়ে ফ্রিজ, টিভি, কম্পিউটার, এসিসহ বৈদ্যুতিক সরঞ্জামাদি নষ্ট হচ্ছে বলে দাবী করেন তারা। এছাড়াও পবিত্র রমজান মাসে সেহরী, ইফতার ও নামাজের সময় মিনিটে মিনিটে বিদ্যুৎ চলে যায়। প্রতিদিন ১৫ থেকে ২০ বার বিদ্যুৎ চলে যায় বলে জানান তারা। এই ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, পবিত্র রমজান মাসে সেহরী, ইফতার ও নামাজের সময় প্রতিদিন ৫ মিনিট পর পর বিদ্যুৎ চলে যায়। অসহনীয় গরমে অতিষ্ঠ ভৈরববাসী খুব কষ্টে রয়েছে। বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজদের চক্রান্তে দিনে অন্তত কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকেনা। পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ বলেন, কোন সন্দেহ নেই যে ভৈরবের নির্বাহী প্রকৌশলী জামাত শিবিরের লোক। তিনি বিএনপির সরকারের আমলে তারেক রহমানের নিয়োগপ্রাপ্ত। জামাত বিএনপির চক্রান্তে বিদ্যুৎ নিয়ে ভেলকিবাজি করে সরকারের ও আমাদের এমপি নাজমুল হাসান পাপনের সুনাম ক্ষুন্ন করছে। তাই এই কর্মকর্তাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে বিদ্যুৎ অফিসের দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে যেতে ভৈরববাসীর পক্ষ থেকে বলা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জাকির হোসেন কাজল, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক আল আমিন সৈকতসহ অসংখ্য দলীয় নেতা-কর্মীরা। শেষের দিকে ঐক্যবদ্ধ নেতৃবৃন্দ নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামকে তার উর্দ্ধতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে ২৪ ঘন্টার মধ্যে কর্মস্থল থেকে সরে যাওয়ার নির্দেশনা দিয়ে সহকারি প্রকৌশলীকে ডেকে এনে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালনের আহবান জানান।