ভৈরবে করোনা প্রতিরোধে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়ার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের নিজস্ব অফিসকক্ষে ভৈরবে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এ মত বিনিময় সভা করেন তিনি।
গত ২৬ মার্চ সরকারি ছুটি ঘোষনার পর থেকে ভৈরবে কর্মহীন হয়ে পড়েছে হত দরিদ্র, অসহায়, দিনমজুর মানুষ। যখন থেকে সামাজিক সংক্রমণ দেখা দিতে শুরু করেছে, সেটা ঠেকিয়ে রাখার জন্য ছুটি এবং লকডাউনসহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। সারা দেশে লক ডাউনে সাধারণ মানুষের মাঝে হাহাকার শুরু হয়ে যায়।
এ বিষয়ে তিনি বলেন, ভৈরবে প্রথম করোনা সনাক্ত হয় ১০ এপ্রিল। কিন্তু এর আগে থেকেই তিনি তার ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সংগঠন যেমন রিকশা শ্রমিক, পরিবহন শ্রমিক, রেল শ্রমিক, হকার ও সেলুন শ্রমিকসহ খেটে খাওয়া ৩শ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পরবর্তিতে উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কাছে হতদরিদ্র, গরীব অসহায়দের পাশে থেকে সাহায্যে আহবান জানানো হলে ভৈরব পৌর শহরে নেতৃবৃন্দ ৩৫ হাজার প্যাকেট দুস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এছাড়া তিনি দুঃখ করে বলেন, বর্তমান সময়ে সবচেয়ে কষ্টে দিনযাপন করছে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার। কারো কাছ থেকে চাইতেও পারে না, মুখ দিয়ে বলতেও পারে না।
ভৈরব বাজার খুলে দেয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০ মে থেকে সরকারি নির্দেশে শপিংমলসহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। কেন এমন সিদ্ধান্ত নিয়েছে তা আমি কোন ভাবেই বলতে পারছি না। তবে তা মোটেও ঠিক হয়নি। ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন জেলা উপজেলা শহরে শপিংমলসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছেন তাদের স্ব স্ব উদ্যোগে। তবে ভৈরবের মানুষ যেন সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করেন সেই আহবান জানান তিনি। এছাড়াও ভৈরবের সকল মুসল্লীরা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজ আদায় করেন সেই আহবান করেন তিনি।
তিনি আরো বলেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের এমপি ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন নিজের ব্যক্তিগত তহবিল থেকে ২ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, সাংবাদিক, ডাক্তার ও প্রশাসনের জন্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছেন। এছাড়াও তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ করবেন।
১০ টাকা কেজি ওএমএস এর চাল নিম্নমানের কেন জানতে চাইলে তিনি বলেন চাল খাদ্য গুদামে বন্ধ অবস্থায় দীর্ঘ দিন মজুদ থাকে তাই চাল কিছুটা মান নষ্ট হয়ে যায়। সরকার নিম্নমানের চাল কিনে না এবং মজুদও করেনা। তবে এবার সরকার ২৬ টাকা কেজি ধান কিনছেন। ভাল মানের চাল পাওয়া যাবে।
এছাড়াও তিনি বলেন ভৈরবের একটি কুচক্রিমহল ভৈরব উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে এমনকি আমার নামেও ত্রাণ ও চাল নিয়ে মিথ্যাচার করে গুজব রটাচ্ছেন। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য একটি কুচক্রিমহল তা করছে বলে তিনি জানান। দেশের এ পরিস্থিতিতে মানুষের পাশে না দাঁড়িয়ে নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিলের লক্ষেই বিভিন্নভাবে ভৈরবের আওয়ামী লীগও আমাকে সম্মানহানি করার চেষ্টা করছে তারা।
তিনি আরো বলেন, ভৈরবের আওয়ামী লীগ জনগণের আওয়ামী লীগ। তবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি হিসেবে তিনি বলেন আমি যদি ঠিক থাকি আমাকে জড়িয়ে কেউ মিথ্যাচার করলে তারা আমার কিছুই করতে পারবে না। আমার দল ও আমি সরকারি সহায়তার বাইরেও অসহায় মানুষদের সহয়তা করে যাচ্ছি। সবশেষে তিনি ভৈরবে করোনা মহামারি মোকাবেলায় দলমত নির্বিশেষে যার যার অবস্থান থেকে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান।