• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের ১০৪ করোনা আক্রান্তের ৯৫ জনই সুস্থ হয়েছেন

কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের ১০৪ করোনা
আক্রান্তের ৯৫ জনই সুস্থ হয়েছেন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ১০ মে রোববার পর্যন্ত স্বাস্থ্য বিভাগের করোনা আক্রান্ত ১০৪ জন চিকিৎসক ও নার্সসহ অন্যান্য স্টাফদের মধ্যে ৯৫ জনই সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন বলে জানা গেছে। আর জেলায় মোট আক্রান্ত ১৯১ জনের মধ্যে ছাড়পত্র পেয়েছেন মোট ১৫৬ জন। এছাড়া দুই উপজেলার করোনা আক্রান্ত সহকারী কমিশনারও (ভূমি) সুস্থ হয়ে উঠেছেন। ভৈরব থানার আক্রান্ত ১১ জন পুলিশ সদস্যের মধ্যেও ১০ জনই সুস্থ হয়েছেন। আজ ১০ মে রোববার দুপুরে কালেক্টরেট সম্মেলন কক্ষে কোভিড-১৯ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সরকারের সচিব ও ভূমি সংস্কার কমিশনের চেয়ারম্যান মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, স্বাস্থ্য বিভাগের করোনা আক্রান্তদের ৪৮ জন চিকিৎসক, ১৪ জন নার্সিং স্টাফ ও ৪২ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে ৪৩ জন চিকিৎসক, ১৪ জন নার্সিং স্টাফ ও ৩৮ জন স্বাস্থ্যকর্মী সুস্থ হয়েছেন। বর্তমানে পাঁচজন চিকিৎসক ও ৪ জন স্বাস্থ্যকর্মী আইসোলেশনে রয়েছেন। তাদের অবস্থাও উন্নতির দিকে। সুস্থ হওয়া চিকিৎসক, নার্সিং স্টাফ ও স্বাস্থ্য কর্মীরা বর্তমানে স্ব স্ব কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। ফলে তাদের আক্রান্ত হওয়ার পর জেলার হাসপাতালগুলোতে সেবা প্রদান নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছিল, তা এখন আর নেই। তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পর্যাপ্ত পিপিই ও মাস্ক রয়েছে। করোনা বিস্তার রোধে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।
মতবিনিময় সভায় কমিটির উপদেষ্টা ও কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বলেন, কিশোরগঞ্জের করোনা পরিস্থিতি উন্নতির এই ধারা বজায় রাখতে হবে। এজন্যে আমাদের সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। আমরা কেউই দ্বিতীয়বার এই সংক্রমণ দেখতে চাই না। করোনা মহামারির এই সময়ে কিশোরগঞ্জ পৌর এলাকায় যেন ডেঙ্গুর প্রাদুর্ভাব না ঘটে, সেদিকে নজর দেয়ার জন্যও পৌর মেয়রকে তিনি নির্দেশনা দেন।
সভাপতির বক্তৃতায় সচিব আবদুল মান্নান বলেন, ত্রাণ কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি ও অবহেলা যেন না হয়। কিশোরগঞ্জ জেলার ৭৭ হাজার পরিবারকে ত্রাণ দেওয়া হচ্ছে। এই তালিকায় আরো স্বচ্ছতার জন্য কাজ করা উচিত। প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, আমরা যেন সেটি ঠিকভাবে পৌঁছাতে পারি। যার অন্ন নেই, সেই পাবে, নিরন্ন কেউ থাকবে না। প্রকৃত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। তিনি আরো বলেন, করোনা নিয়ে শুরুতে আতঙ্ক থাকলেও এখন তা নেই। সাধারণ অসুখ-বিসুখেও মানুষ চিকিৎসা পাচ্ছে না। এখন আমাদের সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে। জনগণের দোরগোড়ায় গিয়ে স্বাস্থ্যসেবা দিতে হবে। এজন্যে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে চিকিৎসক সেবা প্রদান করলে মানুষের মাঝে আস্থা তৈরি হবে।
জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, কিশোরগঞ্জের হাওর এলাকায় এবার এক লাখ তিন হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছিল। ইতোমধ্যে হাওরের ৯৯ ভাগ ধান কাটা হয়ে গেছে। এছাড়া হাওর বহির্ভূত এলাকার ৫৬ ভাগ ধান কাটা হয়ে গেছে। ত্রাণের প্যাকেটে সবজি দেওয়ায় স্থানীয় কৃষকরা উপকৃত হচ্ছেন। তিনি আরো জানান, কিশোরগঞ্জ জেলার বাসিন্দা গার্মেন্টসকর্মীদের তালিকা করা হচ্ছে। তারা ঈদে বাড়িতে আসতে পারবেন না, এটি নিশ্চিত করতে হবে। এছাড়া গণবিজ্ঞপ্তির নির্দেশনা অনুসারে জেলায় দোকান-পাট খোলা রাখতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা বারের সভাপতি শাহ আজিজুল হক, সাবেক সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস, জেলা বিএমএ সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদল, জেলা চেম্বার সভাপতি মুজিবুর রহমান বাদল, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ। সভায় ময়মনসিংহ ডিজিএফআই প্রধান কর্ণেল মো. আরিফুজ্জামান, জেলার দায়িত্বে থাকা সেনাবাহিনীর লে. কর্ণেল মো. মাহবুবুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা, সাংবাদিক আহমেদ উল্লাহ, আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *