বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় কিশোরগঞ্জ কারাগার থেকে মোট ২৪১ কারাবন্দি মুক্তি পেয়েছেন। জেল সুপার মো. বজলুর রশিদ জানিয়েছেন, কিশোরগঞ্জ কারাগারে লঘু অপরাধে সর্বোচ্চ এক বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত কারাবন্দি যারা রয়েছেন, এরকম ৩১৫ জনের তালিকা তৈরি করে গত ২ এপ্রিল তিনি কারা মহাপরিদর্শক বরাবরে পাঠিয়েছিলেন। সারাদেশ থেকেই এরকম সুপারিশ গেছে। এসব তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হলে তিনি তাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এর মধ্যে কিশোরগঞ্জ কারাগার থেকে ৯ মে শনিবার মুক্তি পেয়েছেন ২১৭ জন। এর আগে দুই দফায় মুক্তি পেয়েছেন ২৪ জন। অর্থাৎ, কিশোরগঞ্জে মোট ২৪১ জন মুক্তি পেলেন।