ধান কাটার শুরুতে কিশোরগঞ্জে ধানের দাম অনেক কম থাকলেও এখন কিছুটা বাড়তির দিকে বলে জানা গেছে। কিশোরগঞ্জ বোরো ধানের জন্য একটি প্রসিদ্ধ জেলা। বিশেষ করে হাওরাঞ্চলে সর্বাধিক পরিমাণ ধান হয়। আর কৃষকরা ধান কাটার শুরু থেকেই শ্রমিকের মজুরি পরিশোধ, পারিবারিক দৈনন্দিন খরচ আর পাওনাদারের দেনা মেটানোর জন্য ধান বিক্রি করতে থাকেন। কিন্তু সেসময় ধানের দাম থাকে একেবারেই কম। প্রথমে কাটা শুরু হয় আগাম জাত ব্রিধান-২৮। আর সেসময় এটি বিক্রি হয় ৫শ’ থেকে সাড়ে ৫শ’ টাকা মণ দরে। মধ্যস্বত্তভোগী ফড়িয়া ব্যবসায়ীরা কৃষকদের বেকায়দায় পেয়ে ‘আধা শুকনো’ দোহাই দিয়ে সস্তায় ধান বিক্রি করতে কৃষকদের বাধ্য করে। তবে এখন দাম কিছুটা বাড়তির দিকে বলে কয়েকজন জানিয়েছেন।
লতি মোহন মণ্ডল নামে এক ব্যক্তি বহু বছর করিমগঞ্জের চামড়া নৌবন্দরে ‘ভাই ভাই ট্রেডার্স’ নামে আড়ত সাজিয়ে ধানের ব্যবসা করেছেন। গতবছর থেকে আড়ত ছেড়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, হাওরে তার বহু জমি রয়েছে। কয়েকদিন আগে তিনি ব্রিধান-২৮ বিক্রি করেছেন ৭৮০ টাকা মণ, আর ব্রিধান-২৯w বিক্রি করেছেন ৬৪০ থেকে ৬৫০ টাকা মণ। এখন হাইব্রিড মোটা ধানই ৬৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে হাওর উপজেলা নিকলীর দামপাড়া ইউপি চেয়ারম্যান মো. আবু তাহেরও একই রকম তথ্য দিয়েছেন। হাওরের বিপুল পরিমাণ ধান সবসময়ই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বড় বড় চালকলে যায়। এবারও বিভিন্ন আড়তের মাধ্যমে চালকলগুলোতে ধান যাচ্ছে। ট্রাক আর ট্রক্টরে বোঝাই দিয়ে এসব ধান নিয়ে যাওয়া হচ্ছে।