কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও আলম গ্রুপের চেয়ারম্যান মো. শরীফুল আলম সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে আলম গ্রুপের পক্ষ থেকে উপজেলার আরো ৫ হাজার দুস্থ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। ৮ ও ৯ মে শুক্রবার ও শনিবার দলীয় নেতাকর্মীদের মাধ্যমে উপজেলার ৬ ইউনিয়ন ও পৌর এলাকায় ৫ হাজার পরিবারেব ঘরে ঘরে ২য় বারের মত এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর ভাইরাস করোনা। ভয়ংকর এই ভাইরাসের কারণে বিগত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। দীর্ঘ এই ছুটির কারণে দেশের সাধারণ শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ বেকার হয়ে পরিবার পরিজন নিয়ে বেকায়দায় পড়ে। এই অবস্থায় সরকারের পাশাপাশি শ্রমজীবী সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে ও করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও আলম গ্রুপের চেয়ারম্যান মো. শরীফুল আলম (সিআইপি) সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে আলম গ্রুপের পক্ষ থেকে কুলিয়ারচর উপজেলার ৬ ইউনিয়ন ও পৌর এলাকায় অসহায় শ্রমজীবী ৫ হাজার পরিবারের মাঝে ২য় বারের মত খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেছেন। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ কেজি পেঁয়াজ।
এর আগে তিনি করোনা ভাইরাস সংক্রামন শুরু হওয়ার সাথে সাথে তার নিজ এলাকা ভৈরব-কুলিয়ারচরের সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের হাত ধোয়ার জন্য ১০০ কার্টুন ১নং পঁচা সাবান, কয়েক হাজার মাস্ক বিতরণ করেন। হাত ধোয়ার ব্যবস্থাসহ জীবাণু মুক্ত করতে রাস্তায় জীবাণুনাশক স্প্রে করেন। একই সঙ্গে পেশাগতভাবে দায়িত্ব পালনকালে স্বাস্থ্য সুরক্ষা করার জন্য ভৈরব-কুলিয়ারচর উপজেলার সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করেছেন।
এরই ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল মঙ্গলবার দলীয় নেতা কর্মীদের মাধ্যমে ভৈরব- কুলিয়ারচর উপজেলার প্রায় ৮ হাজার অসহায় পরিবারের মাঝে প্রত্যেকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি ডাল, আধাকেজি তেল ও একটি সাবান দেওয়া হয়।
এ ব্যাপারে বিএনপি নেতা শরিফুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রাণঘাতি করোনাভাইরাস এখন সারা বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। আমাদের দেশেও আস্তে আস্তে বিস্তার লাভ করছে। এ সংকট থেকে বাঁচতে হলে সামাজিকভাবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এমনকি যার যার অবস্থানে থেকে সাধ্য অনুযায়ী সকলকে সমাজের সুধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি অরো বলেন, আমরা সব সময় চেষ্টা করি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে, কারণ আমরা মানুষকে ভালবাসি মানুষের জন্য রাজনীতি করি। কাজেই যে কোন দুর্যোগময় পরিস্থিতিতে আমরা ভৈরব-কুলিয়ারচরবাসীর পাশে ছিলাম এবং আজও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।