• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

অবশেষে ভৈরব থেকে সরকারি বিধি নিষেধ অমান্য করে যাত্রীপরিবহন করা মাইক্রোবাস আটক

 দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকায় প্রকাশের পর

অবশেষে ভৈরব থেকে সরকারি বিধি নিষেধ
অমান্য করে যাত্রীপরিবহন করা মাইক্রোবাস আটক

# মিলাদ হোসেন অপু :-

অবশেষে ভৈরব থেকে সরকারি বিধি নিষেধ অমান্য করে নানা অজুহাতে বিভিন্ন গন্তব্যে যাত্রীপরিবহনের অভিযোগে ১০টি মাইক্রোবাস আটক করেছে হাইওয়ে পুলিশ। ভৈরব বাসস্ট্যান্ড থেকে মাইক্রোবাস যোগে যাত্রী পরিবহন নিয়ে “ভৈরবে সরকারি বিধি নিষেধ অমান্য করে চলছে মাইক্রো চালকদের ব্যবসা” শিরোনামে একটি প্রতিবেদন গত ৭ মে দৈনিক পূর্বকণ্ঠ অনলাইন পোর্টাল ও ৮ মে দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার ও ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নজরে আসে। আজ ৯ মে শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় অভিযান চালিয়ে যাত্রী পরিবহনের অভিযোগে ১০টি মাইক্রোবাস আটক করা হয়। এসব মাইক্রোবাস আটকের পর ভৈরব হাইওয়ে থানায় রাখা হয়।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন জানান, সিসি ফুটেজের মাধ্যমে নজরধারীতে আমরা ভৈরব দুর্জয় মোড় এলাকায় গিয়ে ১০টি মাইক্রোবাসকে আটক করে থানায় নিয়ে আসি। তাদের মধ্যে যারা মুচলেকা দিয়ে গাড়ি নিয়ে যেতে চায় তারা উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার শরণাপন্ন হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবে। আজ যারা গাড়ি নিতে অপারগতা প্রকাশ করবে তারা তিনদিন পর ৩ হাজার টাকা র‌্যাকার বিল দিয়ে থানা থেকে গাড়ি নিয়ে যেতে পারবে।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, দৈনিক পূর্বকণ্ঠ অনলাইন ও দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকায় প্রকাশের পর ভৈরব থানা পুলিশের সাথে সমন্বয়ের মাধ্যমে শনিবার সকালে দুর্জয় মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০টি মাইক্রোবাস আটক করা হয়। তাদের মধ্যে যারা মুচলেকা দিয়ে গাড়ি নিয়ে যেতে চায় তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবে। এছাড়া যারা গাড়ি নিতে অপারগতা প্রকাশ করবে তার ভৈরব থানা হাইয়ের সাথে যোগাযোগ করে র‌্যাকার বিল দিয়ে থানা থেকে গাড়ি নিয়ে যেতে পারবে।
জানা যায়, করোনা মহামারি প্রতিরোধে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কিন্তু ভৈরব মাইক্রোবাস স্ট্যান্ডের ড্রাইভাররা দুর্জয় মোড় থেকে সামাজিক দূরত্ব না মেনে ভোর থেকে ঢাকাসহ আশেপাশের বিভিন্ন জেলায় নিয়মিত যাত্রী পরিবহন করে যাচ্ছিল। এমন অভিযোগ ছিল জনসাধারণের।
রাজধানীসহ সারাদেশে গত ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটির পর তা পর্যায়ক্রমে ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সাধারণ ছুটিতে সারাদেশ কার্যত ‘লকডাউন’ অবস্থায় রয়েছে। প্রথমদিকে ‘সব বন্ধ’ রেখে কঠোরভাবেই ‘ঘরবন্দি’ অবস্থা চলছিল। তবে এক মাসেরও বেশি সময় ধরে চলা ‘অবরুদ্ধ’ পরিস্থিতি কয়েক দিন ধরে ভেঙে পড়েছে। বিশেষ করে দিনমজুর, গৃহকর্মীসহ রোজ কাজের ওপর নির্ভরশীল মানুষ রাস্তায় বেরিয়ে পড়ছে। তৈরি পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। তবে দূরপাল্লার বাস বন্ধ থাকায় পোশাককর্মীরা আইন পরিপন্থি হলেও পণ্যবাহী গাড়িতে কর্ম এলাকায় ফিরতে বাধ্য হচ্ছেন। রাতের আঁধারে সাধারণ যাত্রীদের একটি অংশ এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছেন পণ্যবাহী গাড়িতে। এ সুবাধে ভৈরবের এক শ্রেণির অসাধু মাইক্রোবাস ব্যবসায়ীরা প্রতিদিন বিভিন্ন অজুহাতে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় সংলগ্ন এলাকা থেকে সরকারি বিধি নিষেধ অমান্য করে যাত্রী পরিবহন করছে। যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ৫শ টাকা হারে ভাড়া নিচ্ছিলেন তারা। এ থেকে আবার বাসস্ট্যান্ড নিয়ন্ত্রনকারী কিছু লোকজন এর থেকে জনপ্রতি ১শ টাকা করে কমিশন রেখে দিত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *