ভৈরবে মুড়ি ভর্তি পিকআপ গাড়িতে ১৯ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। ৬ মে ভোর ৬ টায় ঢাকা সিলেট মহাসড়কে দূর্জয় মোড় থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন বি-বাড়িয়া জেলার সুহিলপুর গ্রামের মৃত রহমান মিয়ার ছেলে স্বপন (২২), ভৈরব পৌর শহরের কালিপুর এলাকার মজনু মিয়ার ছেলে জিলানী (২৮)। পুলিশ সুত্রে জানা যায়, করোনা প্রতিরোধে সারা দেশে নিত্য প্রয়োজনীয় পন্যবাহী পরিবহন ছাড়া অন্যান্য পরিবহন চলাচল বন্ধ রয়েছে। ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিনের নির্দেশে এসআই আমজাদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাসস্ট্যান্ড দূর্জয়মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মুড়ি ভর্তি একটি পিকআপ গাড়িতে তল্লাসী চালিয়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তখন ১৪ বস্তা মুড়ি বোঝাই পিকআপ গাড়িটিসহ চালক ও হেলপারকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার জানান, মুড়ি ভর্তি পিকআপ গাড়িটি বি-বাড়িয়া থেকে ১৪ বস্তা মুড়ি ও ১৯ কেজি গাজাঁ নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। গাড়িটি দেখে সন্ধেহ হলে তল্লাশী চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়। এসময় পিকআপ গাড়িটিসহ ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়। নিয়মিত মাদক মামলায় আসামীদ্বয়কে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।