সরকার ননএমপিও মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোকে অনলাইনে তাদের নথিপত্র পাঠানোর নোটিশ দিলেও সার্ভার সমস্যায় কিশোরগঞ্জের ২৮টি বিদ্যালয় বিভ্রাটে পড়েছে বলে জানা গেছে। কিশোরগঞ্জে ননএমপিও ২০টি মাধ্যমিক ও ৮টি জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। তাদেরকে বর্তমান পরিস্থিতিতে অনলাইনে ৪ মে’র মধ্যে নথিপত্র তৈরি করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছিল। কিন্তু সার্ভারের সমস্যার কারণে একদিন বাড়িয়ে আজ ৫ মে রাত ১২টা পর্যন্ত সময় দেয়া হয়েছে। কিন্তু আজও সার্ভার সমস্যার কারণে ডকুেেমন্ট পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছেন কটিয়াদী উপজেলার চান্দপুর মিয়াচাঁন শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম, কটিয়াদী রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ মিয়া, ইটনার রায়টুটি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, তাড়াইলের উমেদ আলী ভূঁইয়া জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহানশাহ, মিঠামইনের লাইমপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানসহ বেশ ক’জন প্রধান শিক্ষক।
এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেনকে প্রশ্ন করলে বলেছেন, তার কাছেও কয়েকজন প্রধান শিক্ষক ফোন করে সমস্যাটির কথা জানিয়েছেন। সারাদেশেই এরকম সমস্যা হচ্ছে বলেও তিনি জানান। অথচ এসব ফাইল উপজেলা ও জেলা শিক্ষা অফিসে যাচাই বাছাই করে আগামী ১৩ মে’র মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে বলেও তিনি জানিয়েছেন।