“নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ভৈরব পৌরসভার উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। আজ ৬ অক্টোবর বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে সকাল ১০টার দিকে ভৈরব পৌরসভা চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণি হয়ে পৌর মাতৃসদনে গিয়ে শেষ হয়।
পরে ভৈরব পৌরসভার আয়োজনে পৌর আ. আজিজ মাতৃসদন সম্মেলন কক্ষে পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর নাছিমা বেগম, পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর মো.আক্তারুজ্জামান, স্বাস্থ্য সহকারী মোহাম্মদ ইমরান হোসেন, ভ্যাকসিননেটর সুপারভাইজার নাসিমা বেগম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন বাধ্যতামূলক। যা সরকারিভাবে কোন ফির প্রয়োজন হয়। যদি ৪৫ দিনের উপরে হয়ে যায় তাহলে সরকারি ফি জমা দিতে হবে। তাই সবাইকে শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করতে উদ্বুদ্ধ করতে হবে। এতে সরকারের নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন হয় ও শুদ্ধ তথ্যভান্ডার গড়ে উঠবে। এছাড়া মৃত্যুর পর মৃত ব্যক্তির মৃত্যুনিবন্ধন করাও বাধ্যতামূলক বলে বক্তারা বলেন।