আর মাত্র দু থেকে তিন সপ্তাহ পরেই কাটা হবে জমির বোরো ধান। মনের আনন্দে ঘরে তুলবে নতুন ধান। কিন্তু এমন সময় রাতের আঁধারে ধানী জমির ফসল বিনষ্ট করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। হাওরে এমন অমানবিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফলে থানায় ও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত কৃষক। ভৈরব উপজেলার জোয়ানশাহী হাওরে এই ঘটনা ঘটেছে।
জানাগেছে, উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগর গ্রামের বড়চর কান্দায় এক কৃষকের ৫৮ শতাংশ অর্থাৎ প্রায় আড়াই বিঘা ফসলি জমির বোরো ধান রাতের আঁধারে বিনষ্ট করে দেয়া হয়েছে। এতে স্থানীয় এবং সুশীল সমাজের লোকজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত কৃষক উজ্জল মিয়ার দাবী, তার প্রতিপক্ষ শ্রীনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহের মিয়ার লোকজন এই অমানবিক ঘটনা ঘটিয়েছে। এতে তার প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে। দেশে করোনা ভাইরাসের সময় এমন ঘটনায় তিনি দু’চোখে এখন অন্ধকার দেখছেন। একই সাথে যে জমি থেকে তিনি পরিবারের সারা বছরের আহার যোগাতেন। সেই জমির বোরো ধান বিনষ্টের কারণে তিনি দুঃশ্চিন্তায় পড়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন উজ্জল মিয়ার প্রতিপক্ষ ইউপি সদস্য জাহের মিয়ার লোকজন। তাদের দাবী, উজ্জলের ছোট ভাই আজ থেকে ১৪ বছর আগে ইউপি সদস্য জাহের মিয়ার চাচা আক্তার হোসেনের কাছে জমি বিক্রি করে ছিলেন। দলিল সম্পাদন বাকী ছিলো। কিন্তু বর্তমানে তারা জোড় পূর্বক দখল নেয়ার ফলে এই ঘটনা ঘটেছে জানান গ্রামবাসী।
এছাড়াও মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য জাহের মিয়া জানান, তিনি এবং তার চাচা আক্তার হোসেন এই ঘটনার সাথে জড়িত না। গ্রামের কোন তৃতীয় পক্ষের লোকজন এই অমানবিক ঘটনা ঘটিয়েছে। বিশেষ করে উজ্জল মিয়ার লোকজনের সাথে বিবাদ সৃষ্টি করতে এই হেন কাজ করেছে তারা। এছাড়াও উজ্জল মিয়ার গ্রামের লোকজন সুবিধাজনক অবস্থানে থাকায় তারা জমি বিক্রি করেও বর্তমানে দাম বেড়ে যাওয়ায় আবার জোড় পূর্বক জমিতে দখল নিয়েছে। এ নিয়ে একাধিক শালিস বৈঠকও হয়েছে। তবে জমি নিয়ে এলাকায় শালিস বৈঠকের কথা স্বীকার করলেও আক্তার হোসেনের কাছে তারা জমি বিক্রি করেননি বলে দাবী ক্ষতিগ্রস্ত কৃষক উজ্জল মিয়ার।
এদিকে ইউপি সদস্য জাহের মিয়া এবং আক্তার হোসেনসহ ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।