অবশেষে দীর্ঘ ১৮ দিন করোনার সাথে যুদ্ধ করে সুস্থ হলেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। ৪ মে সোমবার দ্বিতীয় বারের মত করোনা পরীক্ষা নেগেটিভ আসায় পুরোপুরো সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন তিনি। এছাড়া একই দিনে আরো ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জানা যায়, গত চারদিনে ভৈরবে ৪৯টি নমুনার মধ্যে ৩০ এপ্রিল পাঠানো ১১টি নমুনার মধ্যে একজনের করোনা পজেটিভ এসেছে। বাকি সবগুলো রিপোর্ট নেগেটিভ এসেছে। ৩ ও ৪ মে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। ভৈরবে সর্বপ্রথম করোনা আক্রান্ত হয়েছিল একজন এসআই ১০ এপ্রিল। পরে পর্যায়ক্রমে আরো ৯ পুলিশ সদস্য, ৮ চিকিৎসক ও ২২ জন স্বাস্থ্যকর্মীসহ এ পর্যন্ত ৪৬ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে একজন শিশু রয়েছে।
সুস্থ হওয়ার বর্ণনা দিতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, ১৮ দিন করোনার সাথে যুদ্ধ করেছি। দুইটা শব্দের মধ্যে যে এত দূরত্ব হতে পারে তা আগে কখনো ভাবতেই পারিনি। এই দুইটা শব্দ মুহুর্তের মধ্যে শরীরে ও মনে যে পরিবর্তন নিয়ে আসবে তা কল্পনাও করিনি। এই শব্দ দুটি হলো করোনা নেগেটিভ ও পজিটিভ।
দুইজন করোনা পজিটিভ এস আইয়ের সাথে দায়িত্ব পালন ও একসপ্তাহ যাবত সর্দি লেগে থাকায় টেস্ট করিয়ে গত ১৮ এপ্রিল রাতে জানতে পারি আমার করোনা পজিটিভ। প্রথমেই আমি যা করেছি তা হল মনোবলকে শক্ত রেখেছি। নিজেকে প্রস্তুত করে নিয়েছি আগামী ১৫-২০ দিন কি করব, কি খাব এবং কিভাবে স্বাভাবিক জীবনে ফিরব ইত্যাদি বিষয়ে। সেদিন রাতেই ঘুমানোর আগে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্র লিস্ট করেছি।
প্রথম দিন সকালেই পর্যাপ্ত পরিমাণ ওষুধ, ভিটামিন-সি সমৃদ্ধ খাবার, দুধ, গরম পানির ফ্লাক্স, ঢাকনাযুক্ত ডাস্টবিন, টিস্যুসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রেখেছি। শুরু হল বেঁচে থাকার জন্য অন্যরকম যুদ্ধ।
দ্বিতীয় দিন সকালে বাড়ি থেকে ফোন দিল কে বা কারা নাকি বলেছে আমি মারা গেছি। এক সিনিয়র স্যারের পরামর্শে শুধুমাত্র পরিবার, ডাক্তার ও সিনিয়র স্যারদের সাথে ফোনে যোগাযোগ রেখেছি। এছাড়া ফেসবুক, টিভি নিউজ দেখা বন্ধ করে দিয়েছি। কারণ এসব তথ্য আপনার মনকে দুর্বল করে দেয়। কোনকিছু স্পর্শ করার আগে হেক্সিসল দিয়ে হাত হ্যান্ড রাব করা, বারবার হাত ধোয়া, বাইরের জিনিস ঢুকানোর আগে ব্লিচিং পাউডারের সলিউশনের স্প্রে করা যেন জীবনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছিল। সকালে উঠেই সময়মত খাওয়া, খাওয়ার আগে মধু, লেবুর গরম পানি খাওয়া, প্রচুর পরিমাণে ভিটামিন-সি খাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া এবং অন্যান্য স্বাস্থ্যবিধিগুলো অনুসরণ করার পাশাপাশি নিয়ম করে ব্যায়াম ও ঘরের মধ্যে হাটাহাটি করেছি। তিনি আরো বলেন অবসর সময় কাটাতে ও মনটাকে ফ্রেশ রাখার জন্য মজার মুভি, মজার মজার সব ভিডিও দেখে সময় কাটিয়েছি। এরমধ্যে পড়া হয়ে গেছে কয়েকটি বই। প্রতিদিন নিজের রান্নাসহ ঘর, কাপড় পরিষ্কার করেছি। ৩০ এপ্রির প্রথম টেস্টের রেজাল্ট ও ৪ মে দ্বিতীয় টেস্টের রেজাল্টও নেগেটিভ এসেছে। সবার দোয়া, আশীর্বাদ ও আন্তরিক সহযোগিতাই আজ আমি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে এসেছি।
এই অসুখের এখনো পর্যন্ত কোন ওষুধ আবিষ্কার হয়নি। তাই নিজের মনকে শক্ত রেখে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে পারলেই আপনিই করোনা যুদ্ধে জয়ী হতে পারবেন। সবাইকে করোনা প্রতিরোধে ঘরে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, আজকে ২১ জনসহ ভৈরবে মোট ৩৬ জন করোনা আক্রান্ত রোগী ‘ভয়কে জয়’ করে সুস্থ হয়ে ওঠেছেন। নিয়ম মেনে চললে সবাই একদিন সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরবে। আর এটাই হবে আমাদের চিকিৎসক জীবনের স্বার্থকতা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, করোনায় আক্রান্ত ৩৬ জন রোগী সুস্থ হওয়ায় আমি অনেক বেশি আনন্দিত। সবার প্রচেষ্টায় ভৈরবের প্রতিটি করোনা রোগী এভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, এমনটাই প্রত্যাশা করি।