• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে উন্মুক্ত কোর্সে এবার ২৮ পরীক্ষার্থীর এসএসসি দেয়া হলো না

কিশোরগঞ্জে উন্মুক্ত কোর্সে
এবার ২৮ পরীক্ষার্থীর
এসএসসি দেয়া হলো না

# মোস্তফা কামাল :-

এবার কিশোরগঞ্জে এসএসসি উন্মুক্ত কোর্সের ২৮ পরীক্ষার্থীর জীবনে নেমে এসেছে চরম দুর্যোগ। পরীক্ষা হয়ে গেছে দু’টি। অথচ ২৮ শিক্ষার্থী পরীক্ষার তারিখই জানতে পারেননি। তাদের আর পরীক্ষা দেয়া হলো না। তাদেরকে কোর্স কো-অর্ডিনেটর গোলাম ফারুক পরীক্ষার খবরই দেননি বলে অভিযোগ উঠেছে। আগামী বছর আবার পরীক্ষা দিতে হলে নতুন করে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে বলে জানিয়ে দেয়া হয়েছে পরীক্ষার্থীদের। এটাকে উন্মুক্ত কোর্সের নামে ‘ব্যবসা’ বলে মন্তব্য করেছেন চরম ক্ষতির শিকার পরীক্ষার্থীরা।
একজন পরীক্ষার্থী এ প্রতিনিধিকে জানিয়েছেন, তার কাছ থেকে দুই বছরে ১১ হাজার টাকার বেশি নেয়া হয়েছে। কোর্স কো-অর্ডিনেটর গোলাম ফারুক মাঝে মাঝেই ফোন করে কোর্স সংক্রান্ত বিভিন্ন খবরাখবর জানাতেন। কিন্তু তাদের ২৮ জনের অজান্তেই গত ১৯ জুলাই বাংলা দ্বিতীয় পত্র আর ২০ জুলাই ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হয়ে গেছে। অথচ এর কয়েকদিন আগেও জেলা শহরের নগুয়া এলাকায় উন্মুক্ত কোর্স অফিসে গিয়ে পরীক্ষার খোঁজ নিলে ওই পরীক্ষার্থীকে গোলাম ফারুক চিন্তা করতে মানা করেছিলেন। পরীক্ষার রুটিন হলেই তিনি জানিয়ে দেবেন বলে পরীক্ষার্থীকে বিদায় দিয়েছিলেন। এরই মধ্যে দু’টি পরীক্ষা হয়ে গেছে। ফলে রোববার ওই পরীক্ষার্থী উন্মুক্ত কোর্স অফিসে গিয়ে গোলাম ফারুকের কাছে কান্নাকাটি করে জিজ্ঞাসা করেন কেন পরীক্ষার খবর জানানো হয়নি। জীবনটা তো নষ্ট হয়ে গেল। একথা বলার সাথে সাথেই নাকি গোলাম ফারুক উল্টো দুর্ব্যবহার করেছেন। তখন পরীক্ষার্থীকে জানিয়েছেন, অবশিষ্ট অর্থনীতির পরীক্ষাটি দিলে মিস হয়ে যাওয়া দু’টি পরীক্ষা আগামী বছর ৩ হাজার টাকায় রেজিস্ট্রেশন করে আবার দেয়া যাবে। পরীক্ষার্থী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই চরম ক্ষতির সুবিচার দাবি করেছেন।
এ ব্যাপারে কোর্স কো-অর্ডিনেটর গোলাম ফারুককে প্রশ্ন করলে তিনি এ প্রতিনিধিকে জানান, পরীক্ষার খবর রাখার দায়িত্ব ছিল পরীক্ষার্থীদের। এটা আমাদের দায়িত্ব নয়। পরীক্ষার্থীরা নিয়মিত ক্লাস করেননি, ক্লাস করলেও পরীক্ষার তারিখ জানতে পারতেন। তিনি জানান, এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন ৭৯ জন। এদের মধ্যে ২৮ জনই দু’টি পরীক্ষা দিতে পারেননি বলে তিনি স্বীকার করেছেন, যাদের মধ্যে হাওরাঞ্চলের পরীক্ষার্থীই বেশি। তিনি জানান, সরকার করোনার কারণে এবার শারীরিক শিক্ষা, ক্যারিয়ার এবং বিজ্ঞান পরীক্ষা বাদ দিয়ে বাংলা, ইংরেজি আর অর্থনীতি পরীক্ষার সুযোগ দিয়েছে। দু’টি পরীক্ষা বাদ গেলেও যে পরীক্ষাটি বাকি আছে, সেটি দিলে মিস হয়ে যাওয়া পরীক্ষাগুলোর জন্য আগামী বছর আবার রেজিস্ট্রেশন করে তারা পরীক্ষা দিতে পারবেন। এখন অবশিষ্ট পরীক্ষাটিও যদি তারা না দেন, তাহলে আগামী বছর তাদেরকে রেজিস্ট্রেশন করে তিনটির পরিবর্তে আবার ৬টি পরীক্ষা দিতে হবে বলে তিনি জানিয়েছেন। তবে রেজিস্ট্রেশন ফি কত হবে, তা এখনই বলা যাচ্ছে না বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *