সারা বিশ্বেই করোনা পরিস্থিতিতে বড় বড় কারখানা আর ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি ছোট ছোট পেশাজীবীরাও পড়েছেন বিপাকে। প্রধানত ওষুধ, মুদি, শাকসবজি আর মাছ-মাংস ছাড়া অন্যান্য দোকান বন্ধ। ফুটপাতের রকমারি ব্যবসা বন্ধ। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী বা কারিগরদেরও রোজগার বন্ধ। এরকম পরিস্থিতিতে অনেকেই পরিবার পরিজন নিয়ে টিকে থাকার জন্য এখন বিকল্প পেশায় ঝুঁকছেন। শাকসবজি আর মাছ-মাংসের ব্যবসা বন্ধ হয়নি। ফলে অনেকেই মহল্লায় ঘুরে ঘুরে শাকসবজি বিক্রি করছেন, কেউ মাছ বিক্রি করছেন, আবার কেউ হাতে ঝুলিয়ে আর মাথায় ঝাপির ওপর বহন করে মুরগি বিক্রি করছেন। অনেকে এখন রিকশাও চালাচ্ছেন। সম্প্রতি রাজধানী, নারায়ণগঞ্জ এবং গাজীপুরসহ বিভিন্ন বড় বড় শহর থেকে শ্রমজীবীরা যার যার এলাকায় ফিরে এসেছেন। তাদেরও অনেকেই এসব পেশায় নিয়োজিত হয়েছেন।

কিশোরগঞ্জে ইসহাক মিয়ার চটপটির দোকান এখন ভ্রাম্যমাণ সবজি দোকান। -পূর্বকণ্ঠ
এরকমই একজন শহরের পরিচিত চটপটি বিক্রেতা ইসহাক মিয়া। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ভ্রাম্যমাণ ভ্যান নিয়ে চটপটি আর ফুচকা বিক্রি করতেন। এখন এই ব্যবসা বন্ধ। সবসময় সাহায্য পাওয়া যায় না। সাহায্য সহজে চাইতেও পারেন না। বাধ্য হয়ে চটপটির ভ্যানকে বানিয়েছেন সবজি ভ্যান। শহরের অলিগলি ঘুরে এসব সবজি বিক্রি করছেন। আরেকজন শহরতলির চং শোলাকিয়া এলাকার জামাল উদ্দিন। তিনি স্থানীয় একটি প্রেসে বাইন্ডারের কাজ করতেন। সকাল থেকে রাত পর্যন্ত বই, খাতা, রসিদ বই, ডায়রি ইত্যাদি বাইন্ডিং করতেন। এখন করোনা পরিস্থিতির কারণে প্রেস বন্ধ। তার রোজগারও বন্ধ। ফলে তিনিও রাস্তার ধারে সবজির দোকান সাজিয়ে বসছেন। পুঁজি কম। তাই বাজার থেকে অল্প পরিমাণ সবজি কিনে স্টেশন রোডে রং মহলের সামনে বসে এগুলি বিক্রি করছেন। তাতে যা আয় হয় তা দিয়েই আপাতত সংসার সামাল দিচ্ছেন। এরকম আরো অনেকেই পরিস্থিতির চাপে পড়ে তাদের পেশা পরিবর্তন করে আপাতত কাঁচামালের ব্যবসা করছেন। পরিস্থিতির উন্নতি হলে এসব অস্থায়ী পেশা ছেড়ে আবার আগের পুরনো পেশায় ফিরে যাবেন।