এসআই চাঁন মিয়ার পর এবার করোনাকে পরাস্ত করে বাড়ি ফিরলেন কিশোরগঞ্জের আরো এক সাব ইন্সপেক্টর দেলোয়ার হোসেন (৪৬)। পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জানিয়েছেন, চাঁদপুরের ব্রাহ্মণসাকুয়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে এসআই দেলোয়ার হোসেন ভৈরব থানায় কর্মরত ছিলেন। চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারের নির্দেশনা তামিল করতে মাঠে দায়িত্ব পালনকালে শ্বাসকষ্ট ও জ্বর অনুভব করায় গত ১৩ এপ্রিল প্রথমে তাকে ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে রাজধানীর আইইডিসিআর-এ তার নমুনা পরীক্ষায় পাঠালে ১৪ এপ্রিল ‘কোভিড-১৯’ পজিটিভ ধরা পড়ে। এদিনই তাকে উন্নত চিকিৎসার জন্য বিশেষ অ্যাম্বুলেন্স যোগে জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে চিকিৎসাধীন থাকাবস্থায় ২১ এপ্রিল ও ২৫ এপ্রিল পরপর দু’বার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসলে আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর দেড়টায় তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। নিজ বাড়িতে তাকে আরো ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার জন্য চিকিৎসকগণ পরামর্শ দিয়েছেন। এর আগে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ভৈরব থানার আরো এক সাব ইন্সপেক্টর মো. চাঁন মিয়া করোনা জয় করে ছাড়পত্র পেয়ে ময়মনসিংহের মুক্তাগাছার বাড়িতে ফিরেছেন।