এর আগে কিশোরগঞ্জে তিনজনের করোনাযুদ্ধ জয়ের পর ২৯ এপ্রিল বুধবার আরো চারজন এ যুদ্ধে জয়ী হলেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বুধবার তাড়াইলের দু’জন চিকিৎসক, সদর উপজেলার মহিনন্দ এলাকার একজন অবসারপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং ভৈরবের একজন ওষুধ ব্যবসায়ীকে ছাড়পত্র দেয়া হয়েছে। এর আগে ইটনার একজন সাবেক ইউপি মেম্বার, করিমগঞ্জের চিকিৎসক এবং ভৈরব থানার একজন এসআই ছাড়পত্র পেয়েছিলেন। ফলে এখন পর্যন্ত কিশোরগঞ্জের ৭ জন করোনা রোগী ছাড়পত্র পেলেন।
সিভিল সর্জন আরো জানান, জেলা থেকে ১৫৫টি নমুনা সংগ্রহ করে গত ২৫ এপ্রিল মহাখালীর আইপিএইচ ল্যাবে পাঠানো হয়েছিল। বুধবার এসব নমুনার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় একজনের পজিটিভ হয়েছে, আর বাকি ১৫৪টি নমুনা নেগেটিভ এসেছে। আগের দিন ২৮ এপ্রিল মঙ্গলবারও ১৪৫টি নমুনার মধ্যে নেগেটিভ হয়েছিল ১৪৪টি, একটি পজিটিভ হয়েছিল। বুধবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ছিলেন ১৭৮ জন। এদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, হোসেনপুরে ৩ জন, করিমগঞ্জে ১৬ জন, তাড়াইলে ২৪ জন, পাকুন্দিয়ায় ৪ জন, কটিয়াদীতে ১২ জন, কুলিয়ারচরে ১০ জন, ভৈরবে ৪৩ জন, নিকলীতে ৫ জন, বাজিতপুরে ৬ জন, ইটনায় ১১ জন, মিঠামইনে ২৪ জন এবং অষ্টগ্রামে ৩ জন। আর তিনজন করোনা উপসর্গ নিয়ে মারা যাবার পর তাদের নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গিয়েছিল। এছাড়া জেলায় আর কোন করোনা রোগীর মৃত্যুর কোন ঘটনা নেই। এছাড়া বুধবার জেলায় হোম কোয়ারেন্টিনে ছিলেন মোট ৬৫৮ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন একজন। এদিন পর্যন্ত আইসোলেশনে ছিলেন ১৭০ জন।