• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে গরুর দাম গতবছরের চেয়ে অন্তত ২৫ শতাংশ বেশি

কিশোরগঞ্জে গরুর দাম
গতবছরের চেয়ে অন্তত
২৫ শতাংশ বেশি

# নিজস্ব প্রতিবেদক :-

রাত পোহালেই ঈদ। রাত পোহালেই কোরবানি। আজই কোরবানির শেষ পশুর হাট। আজই শেষ পরীক্ষা, দাম চড়বে, নাকি পড়বে। গরুরও জীবন ভাগ্যের আজই শেষ দিন। বিক্রি হলে কোরবানি, আর ফেরত গেলে নবজীবন। তবে কোরবানির সময় সবচেয়ে বেশি আলোচনায় থাকে পশুর মূল্য। এবার পশুর মূল্য গত বছরের তুলনায় অন্তত ২৫ ভাগ বেশি বলে সকলেরই একই মত। তবে গোখাদ্যের দামও অবিশ্বাস্য হারে বেড়েছে। এর প্রভাব পড়েছে পশুর হাটে। ফলে বেশি দামে গরু বিক্রি করলেই যে খামারিরা খুব বেশি লাভবান হতে পারেন, এমন কথাও বলা যাবে না।
জেলার ১৩ উপজেলায় ৯৯টি পশুর হাট রয়েছে বলে প্রাণী সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে। এর মধ্যে স্থায়ী হাট রয়েছে ৫০টি। এর বাইরে অনলাইন পশুর হাট রয়েছে ১৩টি। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, অনলাইন মার্কেট থেকে কেউ গরু কিনতে চাইলে তাকে মোবাইল প্রযুক্তিতে গরুর ছবিসহ ওজনের হিসাব পাঠিয়ে দেয়া হয়। অনলাইনের গরু ওজন মেপে বিক্রি হয়। ফলে একটা নির্দিষ্ট দামে এসব পশু কিনতে পারার সুবিধা রয়েছে। তিনি জানিয়েছেন, ১১শ’ কেজি ওজনের ‘ভাটির রাজা’ নামের একটি আলোচিত ষাঁড় ৮ লাখ টাকায় অনলাইনে বিক্রি হয়েছে।
তবে বিভিন্ন হাটে দামের কিছুটা তারতম্য লক্ষ্য করা যায়। জেলা শহরের শোলাকিয়া (ইচ্ছাগঞ্জ) হাটে গরুর দাম বরাবরই বেশ চড়া থাকে। এবারও তাই। তবে শহরতলিরর খিরদা বাজার, হোসেনপুরের চরপুমদি বাজারসহ বহু বাজারেই দাম সেই তুলনায় কিছুটা কম থাকে বলে যাচাই করে দেখা গেছে। শোলাকিয়া হাটে হাসিলও বেশি আদায় করা হয় বলে ক্রেতাদের বরাবরই অভিযোগ থাকে। এক সময় কেবল কৃষকের লালন করা গরুই বাজারে পাওয়া যেত। তখন আলাদা গরুর খামারের কোন অস্তিত্ব ছিল না, মানুষের ধারণাও ছিল না। এখন খামারের প্রচুর গরু বাজারে পাওয়া যাচ্ছে। এগুলির বেশিরভাগই বিদেশি বা শঙ্কর জাতের গরু। জেলায় ২১ হাজার ২৪৪ জন খামারি রয়েছেন। কৃষকের দেশী জাতের গরুর প্রতি ক্রেতাদের আলাদা আকর্ষণ থাকে, এগুলির দামও কিছুটা বেশি থাকে। সেই তুলনায় খামারের গরুর দাম কিছুটা কম থাকে। এবার জেলায় কোরবানির পশুর চাহিদা ৯০ হাজার ৬৭৬টি, আর আছে ৯৭ হাজার ১২৮টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *