কিশোরগঞ্জে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির ২৭তম বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক জেলা কমিটি গঠন করা হয়েছে। বর্তমান সভাপতি হাফেজ আলহাজ্ব খালেকুজ্জামনাকে পুনরায় সভাপতি, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মানিককে পুনরায় সাধারণ সম্পাদক ও বর্তমান কোষাধ্যক্ষ ইসহাক ভূঁইয়াকে পুনরায় কোষাধ্যক্ষ করে ২১ সদস্যের নতুন ত্রি-বার্ষিক জেলা কমিটি গঠন করা হয়েছে।
আজ ২৬ জুন রোববার দুপুরে শহরের সমবায় কমিউনিটি সেন্টারে জেলা কমিটির সভাপতি হাফেজ আলহাজ্ব খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মুজিবুর রহমান বেলাল, আর বিশেষ অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মো. হেলাল উদ্দিন মানিক। এছাড়াও বক্তব্য রাখেন, রাজস্ব বিভাগের কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু। সভায় সম্পাদকীয় প্রতিবেদন তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মানিক। আর কোষাধ্যক্ষ ইসহাক ভূঁইয়া আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।
আলোচনা পর্বে রাজস্ব কর্মকর্তা জানান, তার ভ্যাট সার্কেল জেলার ১১টি উপজেলায় ইটভাটা রয়েছে ৯০টি। এর মধ্যে ৬২টি ইটভাটা থেকে গত অর্থবছরে সরকারের রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ টাকা। অন্যান্য ইটভাটা নিয়মিত রাজস্ব দিলে এই অংক আরও বাড়বে বলে তিনি জানান। সমিতির সভাপতি বলেন, ১৩টি উপজেলায় তাদের সমিতির অধিভুক্ত ইটভাটার সংখ্যা ১১০টি। ইটভাটার অনুমোদন নিতে অনেক হয়রানির শিকার হতে হয় জানিয়ে তিনি বলেন, আমরা নিয়ম মেনেই ইটভাটা তৈরি করবো। তবে ছাড়পত্র প্রদানকারী কর্তৃপক্ষের সংখ্যা কম হলে সময় ক্ষেপন কম হবে, হয়রানিও কম হবে। তিনি জানান, এক সময় ইটভাটার পরিবহনের জন্য এলজিইডির রাস্তা ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। এখন সেই নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে। তবে ইটভাটায় প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একেক সময় একেক রকম নির্দেশনা আসে। তাতে ডিজাইন পরিবর্তন করতে গিয়ে মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। পরিবেশের কথা চিন্তা করে এখন ডাবল জিগজাগ চিমনি ব্যবহারের কথা বলা হচ্ছে। এক সময় শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার এবং জনবসতির এক কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা নির্মাণে নিষেধাজ্ঞা ছিল। এখন ইটভাটার চিমনির প্রযুক্তিগত উন্নয়নের দিকটি পরীক্ষা-নিরীক্ষা করে সেই দূরত্ব কমানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
সাধারণ সভাশেষে বিকালে দ্বিতীয় অধিবেশনে হাফেজ আলহাজ্ব খালেকুজ্জামনাকে পুনরায় সভাপতি, আব্দুল আহাদ মানিককে পুনরায় সাধারণ সম্পাদক ও ইসহাক ভূঁইয়াকে পুনরায় কোষাধ্যক্ষ করে ২১ সদস্যের নতুন ত্রি-বার্ষিক জেলা কমিটি গঠিত হয়েছে।