আজ ১৫ জুন শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির সক্ষমতা, আত্মবিশ্বাস আর অহঙ্কারের প্রতীক স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন করেছেন। একে উৎসবমুখর আয়োজনে উদযাপন করা এবং স্মরণীয় করে রাখার লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ বিশাল শোভাযাত্রা করেছে। শহরের বিভিন্ন এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল আসার পর বিকাল ৫টার দিকে দলীয় কার্যালয় এলাকা থেকে ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, বাদক দল আর ব্যানার-ফেস্টুন নিয়ে সুসজ্জিত মূল শোভাযাত্রা বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ আফজলের নেতৃত্বে এ শোভাযাত্রায় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং পদ্মাসেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সমালোচনা করে বক্তৃতাও করেছেন।