পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভৈরবে কুরবানির জন্য প্রস্তুত ছোট বড় ৫০ টি খামারের ১১ হাজার গরু, ছাগল, মহিষ। এতেই চাহিদা মিটে যাবে ভৈরবের মানুষের। তবে ভৈরবের মানুষের চাহিদা মেটাতে
খামারিরা প্রস্তুত থাকলেও গোখাদ্যের দাম বৃদ্ধিতে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ভৈরবের খামারিরা। ভৈরবের খামার গুলোতে গরু, মহিষ ও ছাগলদেরকে কোনোরকম স্টেরয়েড জাতীয় ইনজেকশন দেওয়া হয় না।
ভৈরবের পৌর শহরের নিউটাউন এলাকার রুজেন ডেইরি ফার্মের মালিক আশরাফুল আলম রুজেন মিয়া বলেন, গত বছর কিছু টাকা লাভ করতে পারলেও এ বছর লাভ নিয়ে শঙ্কায় রয়েছি। ১২শ টাকা ভুষির বস্তা কিনতে হয়েছে ২৩শ টাকা করে। খাবারের দাম অনুযায়ী গরুর দাম ডাবল হওয়ার কথা কিন্তু অন্তত ন্যায্যমূল্য পাবো কিনা তা নিয়েও শঙ্কায় রয়েছি। প্রতি বছর গরু বৃদ্ধি পেলেও তাদের লালন পালনে ব্যয় করে বেশি লাভবান হওয়া যাচ্ছে না। সরকার যদি গোখাদ্যে বৃদ্ধিরোধের বিষয়ে নজর দিতেন তাহলে কিছুটা লাভবান হতাম আমরা খামারিরা। আমি ২৩ বছর যাবত গরু মোটাতাজা করে বিক্রি করছি। এবছরের মতো গোখাদ্যের দাম আর কখনো বৃদ্ধি পায়নি। এই বছর গোখাদ্যের দাম যে পরিমাণ বেড়েছে তাতে পুজি পাওয়া নিয়েই সঙ্কায় রয়েছি। তিনি আরো বলেন গত বছর যে গরু ১ লাখ টাকা বিক্রি করছি সেই গরু যদি ১ লাখ ২৫ হাজার টাকা এবং দেড় লাখ টাকার গরু যদি দুই লাখ টাকায় বিক্রি করি তাহলে কিছুটা লাভবান হতে পারবো।
পৌর শহরের চন্ডিবের এলাকার আইকন বাংলা এগ্রো ফার্মের কর্মচারি আব্দুল কবির বলেন, আমাদের খামারে ছোট বড় মাঝারি ৩০ টি গরু ও ১৫ টি বড় জাতের ছাগল রয়েছে। ক্রেতারা এসে যে দাম বলে তাতেই আমরা শঙ্কায় রয়েছি আমাদের খরচই উঠে আসবে না। এই খামারে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দেশীয় খাবার দিয়ে কুরবানির পশু পালন করা হয়েছে। তিনি জানান খামারে রয়েছে আল্লাহরদান, আল্লাহ ভরসা, লাখ বাহাদুর, কালোজামসহ বিভিন্ন নামের আকর্ষণীয় বড় বড় গরু। প্রায় ৮ লক্ষ টাকা দামের গরুও রয়েছে বলে তিনি জানান।
তিনি আরো বলে গোখাদ্য হিসেবে গমের ভূষি, ছোলা বুটের ভুষি, ভুট্টার ভূষি, ঘাস ও চিকন খড় খাওয়ানো হয়। তবে বর্তমান বাজারে গোখাদ্যের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে। তাই লাভজনক হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন খামরিরা। পৌর শহরের কালিপুর এলাকার মেসার্স জয়নাল আবেদীন এগ্রো ফার্মের সত্বাধিকারী আক্তার হোসেন বলেন, গত বছর আমি ৯টি গরু বিক্রি করতে পারিনি। এবছর সেই গরু গুলো অনেক বড় হয়েছে। সাথে আরো অনেকগুলো গরু রয়েছে। এবছর আমরা কোন প্রকার স্টেরয়েড জাতীয় কোনো ধরণের ইনজেকশন ও মোটাতাজাকরণের বিভিন্ন ঔষুধ ছাড়া সম্পূর্ণ দেশীয় ভাবে গরু মোটাতাজা করেছি। যদি ইন্ডিয়ান গরু বাংলাদেশে না আসে তাহলে গরু বিক্রয় করে কিছুটা লাভবান হতে পারবো। আমাদের খামারে ১০ লক্ষ টাকা জোড়া গরু সহ তিন লক্ষ টাকা নিচে কোন গরু নেই। সব গরুই অনেক দামী। সারা দেশে বন্যার পরিস্থিতির জন্য ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানান তিনি।
মেসার্স মা-বাবার দোয়া ডেইরী ফার্ম মালিক সবুজ মিয়া বলেন, প্রতি বছরই ভৈরবসহ আশেপাশে জেলাগুলোতেও গরু বিক্রয় করি। যতি এবার ইন্ডিয়া থেকে কোন গরুর না আসে তবেই গরু বিক্রয় করে কিছুটা লাভবান হওয়া যাবে। খাবারের দাম আগের তুলনায় ব্যপক বৃদ্ধি পেয়েছে তাই ন্যায্যমূল্য পাওয়া নিয়েও শঙ্কায় রয়েছি।
এবিষয়ে ভৈরব উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিরিনা খাতুন বলেন, এই বছর উপজেলায় ৫০টি ছোট-বড় খামারে প্রায় ১১ হাজার গরু, ছাগল মহিষ মোটাতাজাকরণ করা হয়েছে। তা দিয়ে এই বছর উপজেলায় যে পরিমাণ পশুর চাহিদা রয়েছে সেই কুরবানির চাহিদা পূরণ করবে। এসব খামারে পশুদের স্টেরয়েড জাতীয় কোনো ধরণের ইনজেকশন ছাড়াই মোটাতাজাকরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে সব ধরনের পরামর্শ ও সেবা প্রদান করে খামারিদের সহযোগিতা প্রদান করেছেন। তবে এবছর গোখাদ্যের দাম গত বছরের তুলনায় বেশি থাকায় খামারিরা তাদের পালিত গরু, ছাগল, মহিষ ও ছাগলের নায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলে তিনি জানান।