ভৈরব উপজেলা শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি গ্রামে ঝড়ের কারণে বিধ্বস্ত হয়ে ৪টি বৈদ্যুতিক খুঁটি ১০দিন যাবত অকেজো হয়ে পরে রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে কয়েকশত পরিবার। রাস্তায় ও বাড়ি ঘরের উপর বিদ্যুতিক ক্যাবল ও খুঁটি পড়ে থাকলেও এখনো পর্যন্ত সরানো হয়নি এবং বিদ্যুৎ সংযোগ পায়নি বলে অভিযোগ করছেন তারা ।
ভুক্তভোগী গ্রামবাসী জানান, ১০ দিন আগে ঝড়ের কারণে ১১ হাজার ভোল্টেজের ৩টি খুঁটি এবং ৪৪০ ভোল্টেজের ১টি খুঁটি ভেঙ্গে গিয়ে রাস্তার উপর, গাছপালা ও বসতঘরের চালার উপর পড়ে যায়। এতে বিভিন্ন ঘরবাড়ি ও ইলেক্ট্রনিক্স জিনিসপত্রের ক্ষতিসাধন হয়। এ ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ অফিস তাৎক্ষনিক বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রাখেন। দ্রুত অপসারণ না করায় এখন পর্যন্ত বিদ্যুতের খুঁটি ও ক্যাবল গুলো ঘরবাড়ি ও রাস্তার উপর পড়ে জনর্দূভোগ সৃষ্টি হয়েছে। গরমের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বাড়িঘর ছাড়ার উপক্রম হয়েছে।
তারা জানান, এর আগেও এমন ঘটনায় ঘটেছে। বাড়ি ঘরের উপর দিয়ে যাওয়া হাই ভোল্টেজের সঞ্চালন লাইনের কারণে এই এলাকায় ২জন লোক টিনের চালার উপর উঠলে কারেন্টে লেগে মারা যায়। এছাড়াও শান্তি নগর থেকে তুলাকান্দি গ্রামে নদীর উপর দিয়ে আসা ক্যাবল গুলো ঝুলে পড়ায় দুইজন নৌকার মাঝি নিহত হন।
এলাকাবাসীর দাবি, হাই ভোল্টেজের সঞ্চালন লাইন গুলো বাড়ির উপর থেকে সরিয়ে রাস্তা ধরে যেন খুঁটি গুলো স্থাপন করা হয়। তাছাড়া শিমুলকান্দি গ্রামের কাছাকাছি তুলাকান্দি গ্রাম হলেও মুল লাইনটি শ্রীনগর, লুন্দিয়া, আগানগরসহ তিনটি ইউনিয়ন কাভার করে তুলাকান্দি গ্রামে নিয়ে আসা হয়। ফলে বিশাল এলাকার কোথাও কোন সমস্যা হলেই দীর্ঘদিনের জন্য বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রাখা হয়। তাদের দাবি, কালিপুর ফিডারের একটি লাইন তুলাকান্দি গ্রামের দুই প্রান্তে কিছু গ্রাহকের সংযোগ রয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে এবং বিদ্যুতের ভোগান্তি লাগবের জন্য কালিপুর ফিডারের সাথে যেন তুলাকান্দি গ্রামকে সংযুক্ত করা হয় এমন দাবি করেন গ্রামবাসী।
অত্র ওয়ার্ড মেম্বার মাতাব মিয়া জানান, ঝড়ে ক্ষতি হওয়ার পর থেকে আমি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি। তারা আশ্বাস দিলেও কাজ করতে সময় নিচ্ছেন। আমরা গ্রাম বাসী এই গরমের মধ্যে অন্ধকারে খুব কষ্টের মধ্যে রয়েছি। নেতৃবৃন্দও আমাদের আশ্বাস দিচ্ছেন দ্রুত কাজ করার। এঘটনায় ভৈরব বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী ইঞ্জিনিয়ার শামীম আহমেদ আজ শুক্রবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, খুব দ্রুত তুলাকান্দি গ্রামবাসীর বিদ্যুতের সমস্যা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। আর কালিপুর ফিডারের লোড বেশি হওয়ায় এই মুহুর্তে সংযুক্ত করা সম্ভব হবেনা। পরবর্তীতে কালিপুর ফিডার ভাগ করা হলে তখন তুলাকান্দি গ্রামের গ্রাহকদের কালিপুর ফিডারের আওতায় আনবেন বলে গ্রামবাসীকে আশ্বস্থ করেন।