করোনা সঙ্কটের কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষের ঘরের বাইরে যাওয়া নিষেধ। জরুরি প্রয়োজন ছাড়া যানবাহনও চলাচল নিষেধ। করোনার হাত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত সরকার, প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ থেকে মানুষের জন্য এরকম জীবনবিধানই ঠিক করে দেয়া হয়েছে। আর এই বিধান বাস্তবায়নে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতও কার্যকর রয়েছে। কিছুদিন এই বিধিনিষেধ মানুষ মান্য করলেও যতই দিন যাচ্ছে, এই বিধিনিষেধ যেন ভেঙে পড়ছে। এখন রাস্তায় মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, বিভিন্ন শ্রেণীর যানবাহনের সংখ্যা বেড়ে যাচ্ছে। নিত্যব্যবহার্য সামগ্রি ছাড়া অন্যান্য দোকানপাটও মাঝে মাঝে খোলা দেখা যাচ্ছে। আর এগুলি দেখা যাচ্ছে প্রধানত সকাল বেলায়। কারণ তখন রাস্তায় আইন শৃংখলা বহিনীর সদস্যরাও থাকেন না, ভ্রাম্যমান আদালতও থাকেন না।
করোনা সঙ্কটের আগে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিক্সার অস্থায়ী স্ট্যান্ড দেখা যেত। মাঝে মাঝে প্রশাসন, আইন শৃংখলা বাহিনী ও পৌরসভা এসব স্ট্যান্ড ভেঙে দিত। কিন্তু এখন আবার অটোরিক্সার সংখ্যা বেড়ে যাওয়ায় তারা বিভিন্ন জায়গায় আবার স্ট্যান্ড বানিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকছে যাত্রী নেবার জন্য। বিশেষ করে সকাল বেলায় রাস্তা থাকে অনেকটা অরক্ষিত। তখন আইন শৃংখলা বাহিনীর সদস্য বা প্রশাসনের কেউ থাকেন না। যে কারণে এই সুযোগে সকালবেলায় রাস্তয় প্রচুর যানবাহন থাকে, অনেক দোকানপাটও খোলা থাকে। এর রেশ চলতে থাকে প্রায় সারাদিন। একবার রাস্তায় লোকসমাগম বেড়ে গেলে তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়।