কিশোরগঞ্জের দু’জন ডাক্তারসহ ১৪ জন পজিটিভ রোগী এবার নেগেটিভ হলেন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে মোট ২২৮টি নমুনা পাঠানো হয়েছিল রাজধানীর মহাখালীর আইপিএইচ (জনস্বাস্থ্য ইনস্টিটিউট) ল্যাবে। এর মধ্যে রোববার রাতে ১১৩ জনের পরীক্ষার রিপোর্ট এসেছে। এতে ১১২ জনের নেগেটিভ আর সদর উপজেলার এক মহিলার পজিটিভ রিপোর্ট এসেছে। নেগেটিভ ১১২ জনের মধ্যে দু’জন ডাক্তারসহ ১৪ জনের নমুনা এর আগের পরীক্ষায় ‘কোভিড-১৯’ পজিটিভ এসেছিল, এবার নেগেটিভ এসেছে। দুই ডাক্তারের মধ্যে আবার একজনের পর পর দু’বার নেগেটিভ এসেছে। ফলে তাকে ছাড়পত্র দেয়ার চিন্তাভাবনা চলছে বলে ডেপুটি সিভিল সার্জন জানিয়েছেন। আর ১১২ জনের মধ্যে অন্য ৯৯ জনের নমুনা প্রথমবারেই নেগেটিভ হলো।