শ্রমিক সঙ্কটের এই সময়ে দেশের অন্যতম প্রধান বোরো উৎপাদনকারী এলাকা কশোরগঞ্জে ধান কাটার ভরসা এখন হার্ভেস্টার। জেলার হাওরাঞ্চল এক ফসলি হওয়ার কারণে এখানে সর্বাধিক পরিমাণ জমিতে বোরো আবাদ করা হয়। তবে এবারের করোনা সঙ্কটের কারণে গণপরিবহন ও জনচলাচল বন্ধ থাকায় হাওরে ধান কাটা নিয়ে কৃষক, কৃষি বিভাগসহ সবাই বেশ উদ্বেগে ছিলেন। কারণ প্রতি বোরো মৌসুমেই হাওরের ধান কাটার প্রধান শ্রমশক্তি আসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে। কিন্তু এবার করোনা সঙ্কটের কারণে তাদের আসার পথ বন্ধ ছিল।
যদিও স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের প্রচেষ্টায় সরকার বিভিন্ন জেলা থেকে কিছু কৃষি শ্রমিক আসার ব্যবস্থা গ্রহণ করেছে। তবে করোনার ভয়ে বিভিন্ন জেলায় কর্মরত হাওরাঞ্চলের শ্রমজীবীরা এলাকায় ফিরে আসায় শ্রমিক সঙ্কট অনেকটা সামাল দেয়া গেছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম। এরা অকৃষি শ্রমিক হলেও অভাবের তাড়নায় এরাই এবার ধান কাটার কাজ করছেন। এর সঙ্গে রয়েছে কম্বাইন হার্ভেস্টার ও রিপার। ফলে উত্তরবঙ্গের শ্রমিক কম আসলেও তেমন সমস্যা হচ্ছে না বলে উপ-পরিচালক মনে করছেন। এবার জেলার ১৩ উপজেলায় মোট এক লাখ ৬৬ হাজার ৭১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। চাল উৎপাদন হবে প্রায় সাড়ে ৫ লাখ মেট্রিকটন। এর মধ্যে কেবল হাওর অধ্যুষিত এলাকাতেই বোরো আবাদ হয়েছে এক লাখ তিন হাজার ২৪৫ হেক্টর জমিতে।
তিনি জানান, এখন পর্যন্ত হাওরে প্রায় ৩০ ভাগ ধান কাটা হয়েছে। আর ধান কাটার ক্ষেত্রে শ্রমিকের ঘাটতি পূরণ হচ্ছে কম্বাইন হার্ভেস্টার এবং রিপার দিয়ে। হাওরাঞ্চলের কৃষকদেরকে সরকার ৫০ ভাগ ভর্তুকি মূল্যে এসব অত্যাধুনিক ধান কাটার যন্ত্র দিয়েছে। ফলে হাওরে এবার ৫১টি কম্বাইন হার্ভেস্টার এবং ৬১টি রিপার দিয়ে ধান কাটা হচ্ছে। একটি কম্বাইন হার্ভেস্টার দিয়ে ঘন্টায় এক একর জমির ধান কাটা যায়। আর রিপার দিয়ে কাটা যায় ঘন্টায় ৫০ থেকে ৬০ শতাংশ জমির ধান। তবে এখন আবহাওয়া প্রায় প্রতিদিনই খারাপ থাকে। ফলে ধান কাটা গেলেও শোকাতে কিছুটা সমস্যা হচ্ছে বলে উপ-পরিচালক সাইফুল ইসলাম জানিয়েছেন।