জলাশয়ে ভাসমান পদ্ধতিতে শাকসবজি চাষে একের পর এক সম্ভাবনার নতুন রাস্তা দেখাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কিশোরগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগ। এবার সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ভাসমান পদ্ধতিতে মিষ্টি কুমড়ার অভাবনীয় ফলন দেখিয়ে। জেলা শহরের নরসুন্দা নদীতে কৃষক আল আমিনকে দিয়ে মিষ্টি কুমড়ার আবাদ করিয়ে সফল হয়েছেন সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীন।
এর আগে তিনি ফুলকপি, বাঁধাকপি, লাউ, শশা, চিচিংগা, ঝিঙা, করলা, ধুন্দুল, টমেটো, বেগুন, পেঁয়াজ, মরিচ, লালশাক, পালং শাক, পাটশাকসহ নানা রকম শাকসবজি ও মসলা জাতীয় ফসল আবাদ করিয়েছেন। কেবল শহরের নরসুন্দা নদীতে নয়, বিভিন্ন বিল এবং করিমগঞ্জ, নিকলীসহ বিভিন্ন উপজেলায়ও ভাসমান কৃষিতে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ড. মহিউদ্দীন জানান, সরকার আগামী ২০৩০ সালের মধ্যে দেশে খাদ্যোৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। আর সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কৃষি বিজ্ঞানীরা দানাদার খাদ্য ও শাকসবজির উচ্চ ফলনশীল নতুন নতুন জাত উদ্ভাবন করে চলেছেন। চাষাবাদ পদ্ধতিতেও ব্যতিক্রম ভাবনা ও নতুনত্ব আনা হচ্ছে। ভাসমান কৃষি এরই অংশ। দেশে মানুষ বাড়ছে, আবাদযোগ্য জমি কমছে। ফলে বর্ধিষ্ণু জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে ফসলের উচ্চ ফলনশীল জাত আর নতুন নতুন প্রযুক্তির কোন বিকল্প নেই। আর সেই কারণেই ভাসমান কৃষির ওপর জোর দেয়া হচ্ছে, অবিরাম গবেষণা হচ্ছে। ভাসমান কৃষিতে অনেক সাফল্যও আসছে। কৃষকরাও এর প্রতি দিন দিন আকৃষ্ট হচ্ছেন। আগামী দিনে জমির কৃষির পাশাপাশি ভাসমান কৃষিও একটি বড় জায়গা করে নেবে বলে আশা করা হচ্ছে।