অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রশাসন অভিযান পরিচালনা করবে এমন খবর পেয়ে ভৈরবে তিনটির বেশি ডায়াগনস্টিক সেন্টার তালা ঝুলিয়ে পালিয়েছে মালিকরা।
আজ ২৯ মে রোববার দুপুরে পৌর শহরের কমলপুর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় তিনটি ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ গেইটে ঝুলছে তালা। নেই কোন লোকজন ও রোগী।
পৌর শহরের কমলপুর নিউটাউন এলাকায় অবস্থিত ডা. মোস্তাফিজুর রহমান পরিচালনাধীন ভৈরব নিউ লাইফ মেডিকেল সেন্টারে সরেজমিনে গিয়ে দেখা যায় হসপিটালের প্রবেশ গেইটে ঝুলছে তালা। এসময় হসপিটাল সংশ্লিষ্টসহ কোন রোগীকে দেখা যায় নাই।
তবে সেখান হঠাৎ হাজির হন সেন্টারটি মালিক ডা. মোস্তাফিজুর রহমান এর বাবা হাজী মহরম আলী। এসময় এই প্রতিনিধিকে বলেন, কয়েক মাস হলো আমার ছেলে এই মেডিকেল সেন্টারটি করেছে। এর আগে সে স্থানীয় মা ও শিশু জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন। তবে তার বাবার দাবি চিকিৎসক ছেলের গড়া হাসপাতালটিতে শুধু সপ্তাহে তিন দিন রোগী দেখেন। এখানে কোন ধরণের পরীক্ষা নিরীক্ষা করা হয় না। তবে হসপিটালের অনুমোদনের জন্য সিভিল সার্জন কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন বলে তিনি জানান।
কমলপুর মর্নিং সান স্কুল সংলগ্ন এলাকায় মাজারুল ইসলাম মালিকাধীন স্বদেশ জেনারেল হাসপাতাল ও আল নুর হসপিটালে গিয়ে দেখা যায় শুনশান নিরবতা। সেখানে মালিক চিকিৎসক, কর্মচারী, রোগী দেখা মিলেনি। হসপিটালটির গেইটে ঝুলছে কয়েকটি তালা।
স্থানীয় বাসিন্দা রবিন মিয়া বলেন, সকালেই হসপিটালটি খোলা দেখেছি। এখন দেখলাম গেইটে তালা দেয়া। তারা বলছেন হসপিটালে নাকি অভিযানে হবে সেই খবর আগে ভাগেই পেয়ে হসপিটালের মালিকরা তালা দিয়ে পালিয়েছে তারা। সেসব হসপিটালের মালিকদের ফোন নাম্বারে যোগাযোগ করলে তাদের মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, সরকারি নিদের্শনা অনুযায়ী সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের জন্য অভিযানের নির্দেশ প্রদান করেন। সেই অনুযায়ী ভৈরবে যেসকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কোন ধরণের কাগজপত্র বিহীন চলছে সেসব অবৈধ সেন্টারগুলো বন্ধের জন্য অভিযান পরিচালনা করবেন বলে তিনি জানান।