ভৈরবে ১০ টাকা কেজি ওএমএস এর চাল বিতরণ শুরু
# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ১০ টাকা কেজি ওএমএস এর চাল বিতরণ শুরু হয়েছে। ২৫ এপ্রিল শনিবার পৌর এলাকার ১১নং ওয়ার্ডে রেলওয়ে স্কুল চত্বরে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম। জানা যায়, করোনা পরিস্থিতে বিপাকে পড়েছে হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবার। কর্মহীন হয়ে খাদ্য সঙ্কটে রয়েছে দুস্থ গরীবরা। তাদের কথা বিবেচনা করে সরকার সারাদেশে শুরু করেছে ওএমএস এর আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম। এ কার্যক্রমের আওতায় সপ্তাহে তিনদিন প্রত্যেক পরিবার ৫ কেজি করে চাল কিনতে পারবে। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সারাদেশেই চাল বিতরণে নানা ভাবে অনিয়মের অভিযোগ রয়েছে। তবে আমরা সঠিক ভাবেই ওএমএস এর তালিকাভুক্ত পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ১শ পরিবার করে ১২শ পরিবার ও বিভিন্ন শ্রমিক সংগঠনের ৬শ পরিবারসহ ১৮শ পরিবারের মাঝে এ চাল ১০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। উপজেলা প্রশাসনের তদারকিতে শ্রমিক সংগঠনের ৬শ পরিবার বাছাই করা হয়েছে বলে জনান তিনি। তিনি আরো বলেন, এপ্রিল মাসে ১০টাকা কেজি চাল বিক্রি বিলম্ব হয়েছে তাই ক্রেতাদের এই পুরো মাসের ২০ কেজি চাল একসাথে দেয়া হচ্ছে। আগামী মে মাস থেকে প্রতি সপ্তাহে তারা ৫ কেজি করে চাল কিনতে পারবে। ১৮শ পরিবারের মাঝে তিনজন ডিলারের মাধ্যমে এই চাল বিক্রয় করা হবে বলে জানান তিনি। ডিলার প্রতিনিধি রায়হান মিয়া জানান, প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে ১শ নিম্ন আয়ের ও হতদরিদ্র পরিবারের মাঝে ওএমএস কার্ড বিতরণ করা হয়েছে। এই কার্ড এর মাধ্যমে তাদের মাঝে চাল বিক্রয় করা হচ্ছে। ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ এ ছয়টি ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে এ চাল বিক্রয় করা হচ্ছে। দীর্ঘসময় লাইনে দাড়িয়ে স্বল্পমূল্যের চাল পেয়ে সন্তুষ্ট ক্রেতারা। ডিলারদের কাছ থেকে স্বল্পমূল্যে ১০ টাকা কেজির চাল পেয়ে খুশি হতদরিদ্ররা। সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার চলবে এ চাল বিক্রি কার্যক্রম। নির্ধারিত মূল্যে অনেকে চাল কিনতে পারলেও কার্ড না থাকায় এবং চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় অনেকেই ফিরে যান খালি হাতে।