কিশোরগঞ্জে উদ্বোধন হলো জেলা পর্যায়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা অনূর্ধ্ব ১৭)। প্রথম দিনেই সদর উপজেলা বালিকা দলের শাপলার হ্যাটট্রিক।
আজ ২৮ মে শুক্রবার বিকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোহাম্মদ আলী সিদ্দিকী ও জেলা মহিলী লীগ সম্পাদক বিলকিস বেগম। সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এমদাদুল হক পিটু, সাবেক বৃহত্তর ময়মনসিংহ জেলা ফুটবল দলের গোলরক্ষক লায়েক আলী, স্টপার ব্যাক ইয়াহিয়া ভূঁইয়া ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি একেএম ফারুকসহ অন্যান্য প্রাক্তন খেলোয়াড়বৃন্দ।
উদ্বোধনের পর প্রথম খেলায় হোসেনপুর বালক দল সদর উপজেলা বালক দলকে ১-০ গোলে পরাজিত করে। খেলার দ্বিতীয়ার্ধে গোলটি করেন ১০ নম্বর জার্সিধারী আজহারুল ইসলাম। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শাওন ফারুক। আর দ্বিতীয় খেলায় সদর উপজেলা বালিকা দল ৪-১ গোলের বড় ব্যবধানে হোসেনপুর বালিকা দলকে পরাজিত করেছে। খেলার প্রথমার্ধে ৬ নম্বর জার্সিধারী স্মৃতির গোলে হোসেনপুর ১-০ গোলে এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘুরে যায়। সদরের বালিকা দল চেপে ধরে হোসেনপুর দলকে। সদরের পক্ষে ১০ নম্বর জার্সিধারী শাপলা একাই ৪টি গোল করেন। এর মধ্যে একটি ছিল পেনাল্টি থেকে। এবারের জেলা পর্যায়ের টুর্নামেন্টে শাপলা প্রথম হ্যাটট্রিকের মালিক হয়ে যান। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হারুন অর রশিদ।
১৩টি উপজেলা ও কিশোরগঞ্জ পৌরসভা থেকে ১৪টি বালক ও ১৪টি বালিকা দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বালকদের ‘ক’ গ্রুপে রয়েছে কটিয়াদী, ভৈরব, করিমগঞ্জ, বাজিতপুর, তাড়াইল, হোসেনপুর ও কিশোরগঞ্জ সদর উপজেলা। আর ‘খ’ গ্রুপে রয়েছে ইটনা, পাকুন্দিয়া, নিকলী, অষ্টগ্রাম, কুলিয়ারচর, কিশোরগঞ্জ পৌরসভা এবং মিঠামইন। বালিকা দলের দু’টি গ্রুপও অনুরূপ।