• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে তিন হোটেলে অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করে জরিমানা ৫৫ হাজার

সীল করা গ্যাস লাইনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে তিন হোটেলে
অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন
করে জরিমানা ৫৫ হাজার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ শহরের তিনটি খাবার হোটেলে অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করে ভ্রাম্যমাণ আদালত ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। আজ ২৪ মে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান অপর দুই ম্যাজিস্ট্রেট সুশান্ত সিংহ ও ফাতেমা তুজ জোহরাকে নিয়ে জেলা তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী বিএম তোরাব হোসেন ও সহকরী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনসহ তিতাসের অন্য সহকর্মিদের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত প্রথমে গৌরাঙ্গবাজার এলাকার ময়নামতি হোটেলে গিয়ে দেখতে পান, পাশের দোকানের বন্ধ লাইন থেকে মাটির নীচ দিয়ে অবৈধ সংযোগ নেয়া হয়েছে। লাইনের মূল মালিক আব্দুর রউফ ভূঁইয়ার ২০০৯ সালের মে মাসের আবেদনের প্রেক্ষিতে তার সংযোগটি বিচ্ছিন্ন করা আছে। কিন্তু ওপরে লাইনটি সীল করা দেখা গেলেও মাটির নীচ থেকে সংযোগ নিয়ে হোটেল ময়নামতি বহুদিন ধরে গ্যাস ব্যবহার করে আসছে। আব্দুর রউফ ভূঁইয়া করোনায় মারা গেছেন। তার ছেলে মোফাজ্জল ভূঁইয়া লাইন বিচ্ছিন্ন করার আবেদনের কাগজ প্রদর্শন করেছেন। তিনি জানান, হোটেলটি অন্তত ৭-৮ বছর ধরে চলছে। কিন্তু কবে থেকে তাদের বন্ধ লাইন থেকে অবৈধ সংযোগ নেয়া হয়েছে, তা তাদের জানা নেই। এসময় হোটেল মালিক শের আলী হোটেলে ছিলেন না। মোবাইল ফোনে তাকে আসতে বললেও আসেননি। পরে গ্যাস আইন অনুযায়ী হোটেল ম্যানেজার রুহুল আমিনের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়া হয়। এরপর পার্শ্ববর্তী শহীদি মসজিদের বিপরীত দিকে ‘মা-বাবার দোয়া রেস্টুরেন্ট’ নামের হোটেলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, তারা গ্যাস লাইনের জন্য আবেদন করলেও এখনও সংযোগ পায়নি। কিন্তু আন্ডারগ্রাউন্ড গ্যাসলাইন থেকে রাইজারের লাইন উঠিয়ে মাথা সীল করে রাখা হয়েছে। আর এই লাইন থেকে মাটির নীচ দিয়ে অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করা হচ্ছে। এই হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করে লাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে। সবশেষ খরমপট্টি এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, একটি আবাসিক লাইন থেকে হাজীর বিরিয়ানি হোটেলে অবৈধভাবে রান্নার কাজ চালানো হচ্ছে। এখান থেকে ২৫ হাজার টাকা আদায় করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিতাস কর্মকর্তাগণ জানিয়েছেন।
তবে আশপাশের ব্যবসায়ীসহ অনেকেই মন্তব্য করেছেন, গ্যাস আইন সংশোধন করা উচিত। কারণ একটি হোটেলে অন্তত তিনশ’ পরিবারের সমান গ্যাস খরচ হয়। বাণিজ্যিক গ্যাসের মূল্যও বেশি। একেকটি হোটেলে এতদিন লাখ লাখ টাকার গ্যাস পুড়েছে। অথচ গ্যাস আইন অনুযায়ী জরিমানার অংক খুবই নগণ্য। এভাবে অবৈধ সংযোগের রাশ টানা যাবে না। বরং দুর্বৃত্তরা লাভজনক মনে করে দ্বিগুণ উৎসাহে অবৈধ সংযোগের কাজ চালিয়ে যাবে। এ ব্যাপারে আরও কঠোর শাস্তি হওয়া উচিত বলে উপস্থিত অনেকেই মন্তব্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *