বাংলাদেশ অর্থনীতি সমিতির পক্ষ থেকে ২২ মে রোববার ২০২২-২৩ অর্থবছরের জন্য বিকল্প বাজেট উপস্থাপন করা হয়েছে। অর্থনীতি সমিতির মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত সকাল সাড়ে ১০টা থেকে পৌনে দু’ঘণ্টাব্যাপী ২০ লাখ ৫০ হাজার ৩৬ কোটি টাকার এই বাজেট উপস্থাপন করেন। সরকারের পক্ষ থেকে চলমান ২০২১-২২ অর্থবছরে ঘোষণা করা হয়েছিল ৬ লাখ ৩ হাজার ৬১ কোটি টাকার বাজেট। সেই হিসেবে অর্থনীতি সমিতির বিকল্প বাজেট সরকারের চলমান বাজেটের চেয়ে ৩ দশমিক ৪ গুণ বড়। বাজেট অনুষ্ঠানে দেশের ১০৭টি উপজেলা এবং বিদেশ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার ৫১০ জন প্রতিনিধি জুম প্রযুক্তিতে সংযুক্ত ছিলেন।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের স্বাগত বক্তব্যের পর ড. আবুল বারকাত বিকল্প বাজেটকে ‘জনগণতান্ত্রিক’ বাজেট নামে আখ্যায়িত করে তার সূচনা বক্তব্যে বলেন, যেহেতু ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগে প্রতিষ্ঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানমতে “প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ” এবং যেহেতু “প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র” (অনুচ্ছেদ ১১), সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাজেট হতে হবে জনগণতান্ত্রিক।
বাজেট প্রণয়নে ভিত্তি-নীতির মর্মকথায় বলা হয়েছে, ‘মুক্তিযুদ্ধের ৫০ বছর অতিক্রান্তকালীন বাজেট’Ñ আমরা বৈষম্যহীন আলোকিত মানুষসমৃদ্ধ সমাজ গঠনের উদ্দেশ্যে প্রণয়ন করব, না-কি বাজেটসহ সবকিছুই আমরা নব্য উদারবাদী মতাদর্শের মুক্তবাজার আর কর্পোরেট-স্বার্থীয় সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রকদের বিশ্বায়নের হাতে ছেড়ে দেবÑএ সিদ্ধান্তটি নিতে হবে। অন্যথায় আমরা গতানুগতিকতার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাব। জিডিপি বাড়লেও বাড়তে পারে, মাথাপিছ আয় বাড়লেও বাড়তে পারেÑকিন্তু বৈষম্য-অসমতা নিরসন হবে নাÑহবে না মুক্তিযুদ্ধের চেতনা বা অভীষ্ট বাস্তবায়ন। বাজেট বক্তৃতায় বলা হয়, আমাদের বাজেটের মূল ভিত্তি হচ্ছে সংবিধান। বাজেট হতে হবে আলোকিত সমাজ গড়ার অনুকূলে, এটাই মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল। যদিও কেবল একটি বাজেটে তা সম্ভব নয়। ড. আবুল বারকাত বলেন, দেশের ১০ থেকে ১৫ লাখ ধনী আমাদের বাজেটকে তিরস্কার করবেন। আমাদের বাজেট সংবিধান অনুসারে দিয়েছি। আর তারা যা বলবেন, তা সংবিধান পরিপন্থী। তিনি বলেন, গ্রামীণ নারীদের কাজের হিসাব, অর্থ পাচার আর অর্থ আত্মসাতের হিসাব জিডিপি-তে নেই। ফলে জিডিপি-ই ঠিক নেই।
সরকারের চলমান বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছিল ৩ লাখ ৬৬ হাজার ৬০৩ কোটি টাকা। আর বিকল্প বাজেটে ধরা হয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৬৫৮ কোটি টাকা। সরকারের চলমান বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৭৮ কোটি টাকা। আর বিকল্প বাজেটে ধরা হয়েছে ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ কোটি টাকা। সরকারের চলমান বাজেটে রাজস্ব আয়ের প্রধান খাতসমূহ হচ্ছে মূল্য সংযোজন কর, আয়, মুনাফা ও মূলধনের ওপর কর, সম্পূরক কর, আমদানি শুল্ক (প্রচলিত)। আর বিকল্প বাজেটে রাজস্ব আয়ের প্রধান খাতসমূহ হচ্ছে আয়, মুনাফা ও মূলধনের ওপর কর, সম্পদ কর, কালোটাকা উদ্ধার থেকে প্রাপ্তি, আমদানি শুল্ক (প্রচলিত বিলাসি দ্রব্য/পণ্য, সংসদ সদস্যসহ অন্যান্যের ওপর গাড়ির শুল্ক মওকুফ বাতিল-উদ্ভূত আহরণ), মূল্য সংযোজন কর, জরিমানা, দণ্ড ও বাজেয়াপ্তকরণ, অর্থ পাচার উদ্ধার থেকে প্রাপ্তি, অতিরিক্ত মুনাফার ওপর কর, যানবাহন কর, সম্পূরক শুল্ক, লভ্যাংশ ও মুনাফা, মাদক শুল্ক। ১ লাখ ৫ হাজার কোটি টাকার বিলাসি দ্রব্য আমাদানির ওপর করারোপের প্রস্তাব করা হয়েছে। আসন্ন বাজেটে ৬০ হাজার কোটি টাকার সার্বজনীন পেনশন চালু করারও প্রস্তাব করা হয়েছে।
বাজেট বক্তৃতায় বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে তিনটি বৈশ্বিক অর্থনৈতিক মহাবিপর্যয় তৈরি হয়েছে। ২০১৮ সালে একটি বৈশ্বিক অর্থনৈতিক মহাবিপর্যয় গেছে। কোভিডের কারণে একটি বৈশ্বিক অর্থনৈতিক মহাবিপর্যয় তৈরি হয়েছে। আর গত ফেব্রুয়ারি থেকে ইউরোপে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে একটি বৈশ্বিক অর্থনৈতিক মহাবিপর্যয় মোকাবেলা করতে হচ্ছে। ড. আবুল বারকাত বলেন, ১৯৩২-৩৩ সালে বিশ্বে অর্থনৈতিক মহামন্দার সময় দ্রব্যমূল্য বাড়েনি বরং কমেছে। এখন মহামন্দায় মূল্য বেড়ে যায়।
এবারের বিকল্প বাজেট প্রণয়নের আগে দেশের বিভিন্ন এলাকার বিশিষ্টজনদের সঙ্গে জুম প্রযুক্তিতে সভা করে তাদের কাছে থেকেও নানা রকম প্রস্তাবনা গ্রহণ করা হয়েছিল। বিকল্প বাজেট প্রণয়নের ক্ষেত্রে বৈষম্য-অসমতা, দারিদ্র, সামাজিক সুরক্ষা-নিরাপত্তা বেষ্টনী-মানবকল্যাণ, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, কৃষি খাত, নারীর ক্ষমতায়ন, প্রতিবন্ধী মানুষের সক্ষমতা বৃদ্ধি, শোভন সমাজ বিনির্মাণসহ ২৪টি মূল বিষয় বা বৃহৎ বর্গের ওপর গুরুত্ব দেয়া হয়।
বাজেটে ‘হাওর-বাওর-বিল-চর উন্নয়ন বিভাগ’ প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। এর জন্য বছরে ৪০ হাজার কোটি টাকা এবং আগামী ৫ বছরের জন্য ২ লাখ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। ‘কৃষি-ভূমি-জলা সংস্কার বিভাগ’ গঠনেরও প্রস্তাব করা হয়েছে। শিক্ষা বিষয়ক প্রস্তাবে বলা হয়, সরকারে যে বা যারাই থাকুক, প্রথমেই নিঃশর্তভাবে শিকার করে নিতে হবে যে, শিক্ষার মূল উদ্দেশ্য হলোÑজ্ঞানসমৃদ্ধ, বিচার-বোধসম্পন্ন নৈতিক দৃষ্টিতে উন্নত ও সৌন্দর্যবোধ চেতনায় সমৃদ্ধ পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি করা। শিক্ষা খাতের বাজেট বরাদ্দ কোনভাবেই ‘ব্যয়’ হিসেবে দেখা যাবে না। শিক্ষাকে দেখতে হবে শোভন মানুষ সৃষ্টির সর্বশ্রেষ্ট সামাজিক বিনিয়োগ হিসেবে।
বাজেট প্রস্তাবের এক জায়গায় বলা হয়, বিশ্বব্যাপী ডুবন্ত পুঁজিবাদী ব্যবস্থা থেকে প্রকৃতির বিধানানুযায়ী মানব কল্যাণকামী উন্নতর ব্যবস্থায় উত্তরণে শুধু সম্পদের (সব প্রকৃতিক সম্পদসহ জমি-জলা-জঙ্গল) ন্যায্য পুনর্বন্টনই নয়Ñসম্পদের মালিকানারও বন্টন করতে হবে।