কিশোরগঞ্জে ৫ দিনব্যাপী রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স গতকাল ১৬ মে সোমবার সন্ধ্যায় ক্যাম্প ফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়েছে। জেলা শহরের মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটে গত ১২ মে প্রশিক্ষণ শুরু হয়েছিল। এতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন জেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং মুক্ত স্কাউট গ্রুপের ৩৬ জন প্রশিক্ষণার্থী। তাদেরকে বন্ধু, বিশ্বাসী, বিনয়ী, সদয় ও প্রফুল্ল নামে ৫টি উপদলে ভাগ করে প্রশিক্ষণ দেয়া হয়। সমাপনী দিনে মঙ্গলবার সন্ধ্যার পর আগুন প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় ক্যাম্প ফায়ার। এসময় প্রশিক্ষণের কোর্স লিডার বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের যুগ্ম-সম্পাদক এএসএম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা রোভার সম্পাদক কামরুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারী গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর জামালুর রহমান, বিশেষ অতিথি মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. মুনিরুজ্জামান, রোভার অঞ্চলের দুই সহ-সভাপতি ও প্রশিক্ষক অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী এবং এ.এস.এম.এ ছালেক বক্তব্য রাখেন। শেষে প্রশিক্ষণার্থীদের ৫টি উপদলের অংশগ্রহণে জারিগান, লোকগান, আধুনিক গান ও নৃত্যের মাধ্যমে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ নৃত্য পরিবেশন করেন। সবশেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং প্রশিক্ষণ গ্রহণ করা সবাইকে যার যার প্রতিষ্ঠানে রোভার স্কাউট দল খোলা এবং এর কার্যক্রম সম্প্রসারিত করে কিশোরগঞ্জকে শতভাগ রোভার জেলা ঘোষণায় সহায়তার তাগিদ দেয়া হয়।