• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে রবীন্দ্র জয়ন্তীর আলোচনা ও কবিতা আবৃত্তি

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে রবীন্দ্র জয়ন্তীর
আলোচনা ও কবিতা আবৃত্তি

# নিজস্ব প্রতিবেদক :-

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী উপলক্ষে কিশোরগঞ্জে জেলা প্রশাসন আলোচনা সভা ও আবৃত্তির আয়োজন করেছে। আজ ৮ মে রোববার দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ছাড়াও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, প্রবীণ শিক্ষক খালেদা ইসলাম, স্পেশাল পিপি আতাউর রহমান প্রমুখ।
‘মানবতার সংকট ও রবীন্দ্রনাথ’ প্রতিপাদ্যের ওপর আলোচনা করতে গিয়ে বক্তাগণ বলেন, রবীন্দ্রনাথের প্রতিভা ছিল বহুমুখি। তিনি একাধারে কবিতা রচনা করেছেন, উপন্যাস রচনা করেছেন, ছোটগল্প রচনা করেছেন, নাটক রচনা করেছেন, সঙ্গীত রচনা করেছেন, ছবি এঁকেছেন। প্রতিটি ক্ষেত্রেই তার সৃষ্টি ছিল বিশ্বমানের। বিশ্বে আরও বহু বরেণ্য কবি-সাহিত্যিক, শিল্পী, চিত্রকর জন্ম নিয়েছেন। কিন্তু রবীন্দ্রনাথের মত এরকম নানামাত্রিক প্রতিভা অন্যদের মধ্যে দেখা যায় না। বাংলা সাহিত্যে তার অবদানের কোন তুলনা নেই। তার তিনটি গান বাংলাদেশ, ভারত এবং শ্রীলংকার জাতীয় সঙ্গীত।
তিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কার পেয়ে ১৯১৫ সালে বৃটিশদের কাছ থেকে ‘নাইট’ খেতাবও পেয়েছিলেন। কিন্তু ১৯১৯ সালে বৃটিশদের জালিয়ানওয়ালাবাগ হত্যাযজ্ঞের পর তিনি নাইট খেতাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি যেমন প্রেমের কবি ছিলেন, তেমনি ছিলেন অত্যন্ত মানবতাবাদী। তিনি নোবেল পুরস্কারের টাকা কৃষকদের উন্নয়নে খরচ করেছেন। জমিদার পরিবারের সন্তান হয়েও তিনি কৃষকদের জন্য, গরিব মানুষদের উন্নয়নের জন্য কাজ করেছেন। ভারতে জন্ম হলেও বাংলাদেশে তিনি জমিদারি দেখাশোনা করতেন। সিরাজগঞ্জের শাহজাদপুর, কুষ্টিয়ার শিলাইদহ, নওগাঁর পতিসরে তার কাচারি ছিল। এসব জায়গায় তিনি জীবনের একটি বড় সময় সাহিত্য সাধনা করেছেন। তিনি শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে শান্তিনিকেতন এবং রবীন্দ্র ভারতীর মত প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। ১৯৬১ সালে রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী উদযাপনে পাকিস্তানী শাসক গোষ্ঠী বাধা দিয়েছিল। এর বিরুদ্ধে বাংলার সাহিত্যসেবীরা আন্দোলন করেছেন। রবীন্দ্রনাথকে পাকিস্তানী শাসকরা মুছে ফেলতে পারেনি। আজ আামদের বাঙালি স্বত্ত্বার বিকাশের জন্য রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা করা, চর্চা করা খুব প্রয়োজন বলে বক্তাগণ মন্তব্য করেছেন। আলোচনার ফাঁকে ফাঁকে চন্দ্রাবতী আবৃত্তি পরিষদের সদস্যরা রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে সবাইকে বিমোহিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *