• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

বোরো ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ভৈরবের কৃষক

ধান কাটার শ্রমিক সঙ্কট
বোরো ফসল ঘরে তোলা নিয়ে
দুশ্চিন্তায় ভৈরবের কৃষক

# নিজস্ব প্রতিবেদক :-

বন্দরনগরী ভৈরব উপজেলার ৭টি ইউনিয়নের মাঠের ফসলি জমিতে আগাম জাতের সোনালি ধান পাকতে শুরু করেছে। পাকা ধান কেটে ঘরে তোলার অপেক্ষার প্রহর গুনছেন উপজেলার কৃষকরা। তবে করোনা ভাইরাসের কারণে ধান কাটার শ্রমিক সঙ্কটে বোরো ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ভৈরবের কৃষকরা। এই দুশ্চিন্তায় ঘুম নেই তাদের চোখে। ভাইরাসের কারণে ঘোষিত লকডাউন ও গণপরিবহন বন্ধ থাকায় কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ধান কেটে ঘরে তোলার শ্রমিক কোথায় পাবেন এই নিয়েই তারা চিন্তায় পড়েছেন। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে জরুরি সেবার অন্তভুর্ক্ত করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন ধান কাটা শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ ব্যবস্থায় এক জেলা হতে অন্য জেলায় যদি কোন শ্রমিক যেতে চাই সেক্ষেত্রে প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। তবু অন্যান্য বছরের তুলনায় এই অঞ্চলে ময়মনসিংহ, নেত্রকোনা, রংপুর হতে প্রতিবছর সাত থেকে আট শত ধান কাটা শ্রমিক আসতো কিন্তু দেশের করোনা ভাইরাস প্রার্দুভাবে লোকজন আতঙ্কে আসছেন না। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, ভৈরব উপজেলার ৭টি ইউনিয়নের মধ্য ৫টি ইউনিয়নে রয়েছে বিশাল পাঁচটি হাওর। এর মধ্যে সাদেকপুরে জোয়ানশাহী হাওর, আগানগরে ডিগচর হাওর, শ্রীনগরে গোনারবন হাওর, শিমুলকান্দির শিতলপাটি হাওর ও কালিকাপ্রসাদে জইল্লার বন হাওর উল্লেখযোগ্য। এসব হাওড়ে চলতি বছরে ৭ হাজার ৫শ হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আবাদকৃত জমির মধ্যে বিআর ২৮ ও বিআর ২৯ ধানের চাষাবাদ বেশি হয়েছে । কৃষি অফিসের সহযোগিতায় বোরো ধানের ফলনও হয়েছে বাম্পার। তবে ধান উৎপাদনে সেচ চার্জ , শ্রমিক মজুরি, সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচও বেড়ে গেছে। অন্যদিকে করোনা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হওয়ার আশঙ্কায় ধান কাটা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। উপজেলার রসুলপুর গ্রামের কৃষক শরীফুজ্জামান বলেন, কয়েকদিন পরই ধান কাটা শুরু হবে। ফসল ভালো হওয়াতে কৃষকরা খুশি। তারপরেও চিন্তায় ঘুম নেই। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে কৃষক-শ্রমিকসহ সবাই ঘরমুখো। ফসল ঘরে তুলতে শ্রমিক সঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা করছেন তারা। পাশাপাশি আবহাওয়ার বিরূপ আচরণের আশঙ্কাও রয়েছে। উপজেলার সাদেকপুর গ্রামের গ্রামের কৃষক রাফি উদ্দিন বলেন, আমি এ বছর ৪০ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। মনটা খুব আনন্দে ছিল, ফলনও ভালো হয়েছে। কিন্তু যখন ফসল ঘরে তোলার সময় হয়েছে তখনই দেখা দিল মৃত্যুগ্রাসী করোনা। এক সপ্তাহ পরই শুরু হবে ধান কাটা, মাড়ার কাজ। কিন্ত ধান কাটার শ্রমিক কোথায় পাব, ময়মনসিংহ, নেত্রকোনা, রংপুর জেলা থেকে প্রতি বছর ৭-৮ শত শ্রমিক আসে কিন্তু তারা এবার আসতে চাইছেন না। ধান ঘরে তুলব কী করে- এসব চিন্তায় রাতে ঘুম হয় না। উপজেলা কৃষি কর্মকর্তা আলম শরীফ খান জানান, এ উপজেলায় প্রতি বছরেই বাহির এলাকা থেকে ৭-৮ শত ধান কাটা শ্রমিক আসতো। কিন্তু এ বছর দেশে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রার্দুভাবে সেসব শ্রমিক আসতে পারছে না। তবে তিনি ধারণা করছেন উপজেলায় বিভিন্ন পেশার প্রায় পাঁচ শতাধিক স্থানীয় শ্রমজীবি কর্মহীন রয়েছেন। সেসব শ্রমিক এবং সরকারি দপ্তর থেকে পাওয়া তিনটি ধান কাটা (কম্বাইন্ড হারভেস্টার) ও তিনটি রিফার মোট ছয়টি যন্ত্রের মাধ্যমে কৃষক তাদের ফসল নিশ্চিতে ঘরে তুলতে পারবেন বলে তিনি আশা করছেন। এছাড়াও যদি কোন কৃষক বাহির জেলা হতে ধান কাটা শ্রমিক আনতে চাই তাহলে কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধির অনুমতি সাপেক্ষে তাদের সামাজিক দুরত্ব বজায় রেখে খাবার ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করে আনতে পারবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *