কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের (৮০) প্রথম জানাজা জেলা শহরের শহীদি মসজিদে আজ ২ মে সোমবার বাদ জোহর সম্পন্ন হয়েছে। জানাজায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন ও পৌর মেয়র মাহমুদ পারভেজসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। জানাজার আগে সমবেত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল ও মরহুমের বড় ছেলে শরীফুল আহসান পিন্টু।

দলীয় কার্যালয়ে মরহুমের কফিনে জেলা আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ -পূর্বকণ্ঠ
এর আগে বেলা ১২টার দিকে জাতীয় ও দলীয় পতাকায় আবৃত কামরুল আহসান শাহজাহানের মরদেহবাহী কফিন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে গেলে সেখানে আওয়ামী লীগ, গণতন্ত্রী পার্টি, জেলা আইনজীবী সমিতি, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মিঠামইন সমিতিসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। কামরুল আহসান শাহজাহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আজ ২ মে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরে যাওয়ার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। আজ বাদ আসর নিজ এলাকা মিঠামইনের মৈষাকান্দি গ্রামের মাদ্রসা প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হবে।