কিশোরগঞ্জে একটি প্রাইভেট ক্লিনিকে গোপনে করোনা লক্ষণের এক রোগী ভর্তির কয়েক ঘন্টার মধ্যে মৃত্যুর পর গোপলে লাশ হস্তান্তর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে সিভিল সার্জন মরদেহ থেকে নমুন সংগ্রহের ব্যবস্থা করেছেন। অভিযোগে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে কটিয়াদী উপজেলার লোহাজুড়ি এলাকা সামছুদ্দিনের ছেলে মিরাজ উদ্দিনকে (৫০) জেলা সদরের হয়বতনগর এলাকার খিদমাহ হাসপাতালে স্বজনরা গত মঙ্গলবার বিকালে ভর্তি করেন। রাতেই রোগী মারা যান। কিন্তু বিষয়টি গোপন রেখে পরদিন ভোরবেলায় ক্লিনিক থেকে নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে লাশটি রোগীর বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, বিষয়টি তিনি জানতে পেরে কটিয়াদী স্বাস্থ্য বিভাগকে দিয়ে মরদেহ থেকে নমুন সংগ্রহের ব্যবস্থা করেছেন। এদিকে খিদমাহ হাসপাতালের মালিক ডা. আব্দুল মজিদের কথা বলার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।