কিশোরগঞ্জে আজ বুধবার ২২ এপ্রিল ৫ ডাক্তারসহ আরো ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। এদের মধ্যে সদর উপজেলায় ৩ জন, ভৈরবে ৬ জন, কুলিয়ারচরে ৪ জন, পাকুন্দিয়ায় ১ জন, তাড়াইলে ৩ জন, নিকলীতে ৪ জন এবং বাজিতপুরে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারে ১০১ জনের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। এদের মধ্যে ৯৫ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের পজিটিভ এসেছে, বাকি ৭০ জনের নেগেটিভ এসেছে। আর ৬টি নমুনা বাতিল করা হয়েছে। এগুলি আবার সংগ্রহ করে পাঠাতে হবে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান।
কিশোরগঞ্জে এই ২৫ জন সহ এখন পর্যন্ত মোট ১৬৯ জনের পজিটিভ ধরা পড়েছে। তবে এদের মধ্যে করিমগঞ্জে সেলিম (৪৫) নামে একজন ব্যবসায়ী, হোসেপুরে মিজান (৮) নামে এক স্কুল ছাত্র, আর জেলা সদরে নতাই বসাক (৩২) নামে এক ভবঘুরে ব্যক্তি মারা যাবার পর তাদের নমুনা পরীক্ষা করে ‘কোভিড-১৯’-এর সংক্রমণ পাওয়া গিয়েছিল। এই তিনজনের বইরে এখন পর্যন্ত কিশোরগঞ্জে করোনায় কোন মৃত্যুর ঘটনা নেই।