এবারের করোনা সঙ্কটের কারণে শ্রমিক সঙ্কটের মুখে কিশোগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলে ধান কাটা নিয়ে চরম আতঙ্কে দিন কাটছিল কৃষকদের। প্রতি বছরই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কৃষি শ্রমিক ধান কাটতে আসলেও এবার করোনা ঝুঁকির কারণে একদিকে গণপরিবহন বন্ধ রয়েছে, অন্যদিকে উত্তরবঙ্গে শ্রমিক আসাও বন্ধ রয়েছে। তবে করোনা সঙ্কটে পড়ে হাওরাঞ্চলের বিপুল পরিমাণ শ্রমজীবী মানুষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যার যার এলাকায় ফিরে আসায় তারাই এখন ধান কাটার প্রধান ভরসা হয়ে উঠেছেন। যে কারণে শ্রমিক সঙ্কট এখন আর তেমন প্রকট আাকরে নেই বলে এলাকার জনপ্রতিিিনধরা জানিয়েছেন।
তবে কিছুদিন আগেও শ্রমিক সঙ্কট আতঙ্কের মুখে হাওরাঞ্চলের (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক নিজে কাস্তে হাতে হাওরে নেমেছিলেন কৃষকদের ধান কেটে দিতে। তার আহবানে সাড়া দিয়ে এলাকার ছাত্রলীগের কর্মিরাও জমিতে নেমেছিলেন। কয়েকদিন আগে কৃষক লীগের নেতাকর্মিরাও হাওরে ধান কেটে দিলেন কৃষকদের। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু জানালেন, তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এমপি তৌফিক আবারো কাস্তে হাতে জমিতে নেমেছিলেন সবাইকে স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কাটায় উৎসাহ যোগাতে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলামও অধিদপ্তরের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছিলেন যেন অন্তত ধান কাটার সময় বাইরের শ্রমিকদের আসার ক্ষেত্রে তাদের জন্য বিশেষ গণপরিবহনের ব্যবস্থা করা হয়। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানিয়েছলেন, তিনিও উত্তরবঙ্গের শ্রমিক আনার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলাসমুহের জেলা প্রশাসকদের সহায়তা চাইবেন।
তবে অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মো. মুক্তার খান জানিয়েছেন, এবার উত্তরবঙ্গের শ্রামকরা না আসলেও করোনা সঙ্কটের কারণে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা শ্রমজীবীরা নিজ এলাকায় ফিরে আসায় তারা ধান কাটায় সামিল হয়েছেন। ফলে আর তিনদিন আবহাওয়া ভাল থাকলে তার এলাকার হাওরের ধান কাটা হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যদিকে মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউপি চেয়ারম্যান নূরুল আমিনও বলেছেন, প্রথমে যেরকম শ্রমিক সঙ্কটের আশঙ্কা করা হয়েছিল, দেশের বিভিন্ন জায়গা থেকে শ্রমজীবী লোকজন যার যার এলাকায় ফিরে আসায় তারাই এখন ধান কাটায় নেমেছেন। ফলে এবার ধান কাটায় তেমন সমস্যা হবে না বলে তিনি মন্তব্য করেছেন। প্রতিটি হাওরাঞ্চলেই এলাকায় ফিরে আসা শ্রমজীবীরা এখন ধান কাটায় মাঠে নেমেছেন। ফলে বৃষ্টিপাত না হলে বা আগাম বন্যা না হলে এবার এলাকার শ্রমিকদের দিয়েই হাওরের কৃষকরা ধান কেটে নিরাপদে ঘরে তুলতে পারবেন বলে মনে করা হচ্ছে।
জেলা খামারবাড়ি সূত্রে জানা গেছে, এবার জেলার ১৩ উপজেলায় মোট এক লাখ ৬৬ হাজার ৭১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। চাল উৎপাদন হবে প্রায় সাড়ে ৫ লাখ মেট্রিকটন। এর মধ্যে কেবল হাওর অধ্যুষিত এলাকাতেই বোরো আবাদ হয়েছে এক লাখ তিন হাজার ২৪৫ হেক্টর জমিতে।