কিশোরগঞ্জে স্বাস্থ্য বিভাগে করোনা সংক্রমিত ডাক্তার ও স্টাফদের সংখ্যা দিন দিনই বাড়ছে। রোববার পর্যন্ত ঢাকা থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী জেলায় স্বাস্থ্য বিভাগের মোট ৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৮ জন ডাক্তার, আর ১৭ জন স্বাস্থ্য সহকারী ও নার্সসহ অন্যান্য স্টাফ। এছাড়া ৯ জন পুলিশ সদস্য এবং একজন সহকারী কমিশনারও আক্রান্ত হয়েছেন। রোববারের রিপোর্ট অনুযায়ী সারা জেলায় সর্বমোট আক্রান্ত রোগী পাওয়া গেছে ১০০ জন। তবে এদের মধ্যে গত ৫ এপ্রিল করিমগঞ্জে করোনা সংক্রমণ নিয়ে রাজধানী ফেরত সেলিম নামে এক ব্যবসায়ী মারা গেছেন। তিনিই ছিলেন জেলার প্রথম ‘কোভিড-১৯’ ভাইরাসে শনাক্ত ব্যক্তি। যদিও মৃত্যুর পর স্বাস্থ্য বিভাগ খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করেছিল। পরবর্তীতে তার মা, স্ত্রী এবং ভাইয়ের শরীরেও করোনা শনাক্ত হয়েছে। আর গত শনিবার হোসেনপুরের দক্ষিণ গোবিন্দপুর এলাকার ৮ বছরের একটি শিশু করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর তার নমুনা পরীক্ষায়ও রোববার করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় মৃতের সংখ্যা দুই।
স্বাস্থ্য বিভাগের কেউ কেউ পিপিই’র মান নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তারা মনে করেন, নিম্নমানের পিপিই ব্যবহারের কারণে স্বাস্থ্য বিভাগের কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা বিঘ্নিত হয়ে থাকতে পারে। তবে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, পিপিই’র মান যাই হোক, কেবল পিপিই’র কারণে ডাক্তার-স্টাফরা সংক্রমিত হচ্ছেন, এটা নিশ্চিত করে বলা যাবে না। তারা যেমন করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে বা নমুনা সংগ্রহ করতে গিয়ে সংক্রমিত হয়ে থাকতে পারেন, আবার অন্য কারো সঙ্গে মেশার কারণেও সংক্রমিত হয়ে থাকতে পারেন। কাজেই পিপিই নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাবে না।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, সংক্রমণের কার্য-কারণ বিশ্লেষণে মনে হচ্ছে, কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে বানের জলের মত মানুষ এসেছেন। তারা তথ্য গোপন করে চিকিৎসকদের কাছে বিভিন্ন রোগের চিকিৎসা করাতে গেছেন। এর ফলেই চিকিৎসকরা বেশি আক্রান্ত হচ্ছেন। আর এসব মানুষ কোয়ারেন্টাইন না মেনে যার যার এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছেন। এটাও সংক্রমণ ছড়িয়ে পড়ার একটি অন্যতম কারণ বলে ডা. মোস্তাফিজুর রহমান মনে করেন। অথচ বিদেশ থেকে সহস্রাধিক প্রবাসী জেলার বিভিন্ন উপজেলায় এসেছেন। তাদের কোয়ারেন্টিন করা হয়েছে। তাদের কেউ সংক্রমিত হয়েছেন বা তাদের দ্বারা কেউ সংক্রমিত হয়েছেন, এমন কোন প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে জেলা সদরের করোনা ডেডিকেটেড হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল হক জানিয়েছেন, ১৯ এপ্রিল রোববার পর্যন্ত তার হাসপাতালে মোট ২২ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ২০ জনের করোনা পজিটিভ, আর দু’জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ৫ জন আছেন ডাক্তার। অন্যান্য আক্রান্তরা কেউ নিজ বাড়িতে, আবার কেউ ঢাকায় চিকিৎসাধীন আছেন।