কিশোরগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ আইভী রাহমান দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন হয়েছে। আজ ১৩ মার্চ সকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে ১৬টি ক্লাব নিয়ে যাত্রা করা এই লীগের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন বিসিবির সাবেক পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইদুল হক শেখর প্রমুখ।
প্রথম দিনের খেলায় মিলেনিয়াম ক্রিকেট ক্লাবকে সূর্য সংঘ ৪২ রানে হারিয়ে লীগ জার্নিার শুভ সূচনা করেছে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলায় সূর্য সংঘ ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। জবাবে মিলেনিয়াম ক্লাব ৭ উইকেট খুইয়ে ১১৭ রান তুলতে সক্ষম হয়। এই লীগ থেকে সেরা দু’টি দল প্রথম বিভাগ ক্রিকেট লীগে জায়গা পাবে বলে আয়োজকরা জানিয়েছেন। আম্পায়ারের দায়িত্ব পালন করেন নূরুল ইসলাম খান শামীম ও সাজ্জাদ হোসেন রনি।