কিশোরগঞ্জের প্রায় দেড় হাজার কারাবন্দীর অর্ধেকেরও বেশি হবে মাদকের মামলার আসামী। জেল সুপার মো. বজলুর রশিদ আজ ১৩ মার্চ রোববার জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় জেলা কারাগারের অবকাঠামোসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি এ প্রতিনিধিকে জানান, আজ জেলা কারাগারে মোট আসামী আছেন ১ হাজার ৪৩৭ জন। এর মধ্যে পুরুষ বন্দী আছেন ১ হাজার ৩৮৮ জন, আর নারী বন্দী আছেন ৪৯ জন। এসব বন্দীর অর্ধেকেরও বেশি হবে মাদকের মামলার আসামী।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. বখতিয়ার উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নজরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল করিম, জেলা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি হাফেজ খালেকুজ্জামান, মোস্তফা কামাল, ফাতেমা জোহরা, বিলকিস বেগম প্রমুখ। বিভিন্ন বক্তা মাদক, যানজট, দ্রব্যমূল্যের অসহনীয় উর্ধগতিসহ বিভিন্ন আইন শৃংখলা সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন।
সভায় জানানো হয়, ফেব্রুয়ারি মাসে জেলায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প ৬ হাজার ৩৩৮ পিস ইয়াবা, ২৭ কেজি গাঁজা এবং ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসব অভিযানে গ্রেফতার করেছে ১৬ জনকে। আর র্যাব-১৪ ভৈরব ক্যাম্প উদ্ধার করেছে ৬ মণ ১ কেজি গাঁজা, ২ হাজার ৫৪০ পিস ইয়াবা, আর ৬৯৯ বোতল ফেনসিডিল। গ্রেফতার করেছে ৪০ জনকে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১১ কেজি ৩৪০ গ্রাম গাঁজা আর ২৩৮ পিস ইয়াবা উদ্ধার করেছে। গ্রেফতার করেছে ২৬ জনকে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে। তিনি ভোক্তাসহ সবাইকে পরামর্শ দিয়েছেন প্রত্যেক দোকানে প্রকাশ্যে দ্রব্যমূল্যের তালিকা ঝোলানোর বিষয়টি খেয়াল করার জন্য। তিনি বলেন, কোন দোকানে যদি পণ্য আমদানির পাকা রশিদ দেখাতে না পারে, তাহলে তারা যে ব্যাংক ড্রাফটের মাধ্যমে এজেন্ট বা মিলকে টাকা পরিশোধ করেছেন, সেগুলি দেখলেই বের করা যাবে বিভিন্ন পণ্য কত দামে আমদানি করেছেন। কাজেই মূল্য নিয়ে লুকোচুরির সুযোগ নেই। তিনি যানজট নিয়েও বিভিন্ন ধরনের পদক্ষেপের কথা জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন, অনেক সময় ধর্ষণ এবং খুনসহ বড় বড় অপরাধ ঘটতে পারে। তবে কিশোরগঞ্জে বলতে গেলে কোন ঘটনাই অনুদঘাটিত নেই। আর ৫ থেকে ১০ ভাগ ঘটনা ছাড়া প্রতিটি ঘটনায় আসামী ধরার পরই আদালতে অভিযোগপত্র দেয়া হচ্ছে। এ ক্ষেত্রে পুলিশ বিভাগ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। যে কারণে অনেক জেলার তুলনায় এ জেলায় আইন শৃংখলা পরিস্থিতি অনেক ভাল আছে বলে প্রতিটি সভায় সবাই স্বীকার করেন। এছাড়াও প্রতি শুক্রবার জেলার মসজিদে মসজিদে একজন পুলিশ কর্মকর্তা গিয়ে মাদক এবং নারী নির্যাতন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। এতেও কিছু উপকার হচ্ছে।
ডা. নাজমুল করিম জানিয়েছেন, কিশোরগঞ্জে টীকা কার্যক্রম ভালভাবে এগিয়ে চলেছে। টীকা প্রদানের সাফল্যের দিক থেকে কিশোরগঞ্জ জেলার অবস্থান দেশে ৮ম। আর বাংলাদেশের অবস্থান বিশ্বে ৯ম। গত ২৬ ফেব্রুয়ারি সারাদেশে ১ কোটি মানুষকে টীকার প্রথম ডোজ দিয়ে দেশে ৭০ ভাগ মানুষের প্রথম ডোজ সম্পন্ন করার কর্মসূচী ছিল। এদিন কিশোরগঞ্জে প্রথম ডোজ নেয়ার হার ৭৫ ভাগে উন্নীত হয়েছিল। আর দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে জেলার ৪৬ ভাগ মানুষকে। দেশে টীকার ঘাটতি নেই। ফলে তিনি টীকার যোগ্য প্রত্যেককে টীকা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।