শপথ নিতে গিয়ে জেলা প্রশাসক কার্যালয় থেকে গ্রেফতার হলেন ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের চশমা প্রতীকে নির্বাচিত আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান লিটন মিয়া। ভোটের দিন একটি কেন্দ্রে পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ বিভাগ জানিয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অষ্টগ্রাম উপজেলার ৮টি, কটিয়াদী উপজেলার ৮টি, ভৈরবের ৬টি, হোসেনপুরের ৬টি এবং সদরের একটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান ছিল। কিন্তু জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ২৯ জন চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান সম্পন্ন করার পর লিটন মিয়াকে ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। এরপর তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন কোর্ট পরিদর্শক আবু বকর সিদ্দিক পিপিএম।
গত ২৬ ডিসেম্বর ভৈরব উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকালে কালিকাপ্রসাদ ইউনিয়নের খাসকাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী লিটন মিয়া, তার সমর্থক ফজলুল কবীর, আসাদ মিয়া, সোহাগ মিয়া, জিয়াউর রহমান ও রোকন মিয়ার নেতৃত্বে আরও ৫০ ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা, মারধর ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন এবং কেন্দ্রে ঢুকে তারা সীল ও ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলিবর্ষণও করেছে। এ ঘটনায় করিমগঞ্জ সার্কেলের এসআই মো. আমিনুল ইসলাম বাদী হয়ে পরদিন ২৭ ডিসেম্বর চেয়ারম্যান প্রার্থী লিটন মিয়া ও তার উল্লেখিত ৫ সমর্থকের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে ভৈরব থানায় মামলা দায়ের করেন। এই মামলায়ই লিটন মিয়াকে শপথের পর ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে লিটন মিয়া চশমা প্রতীকে ১১ হাজার ২৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফারুক মিয়া নৌকা প্রতীকে পেয়েছিলেন ৬ হাজার ৭৩৩ ভোট।।