কিশোরগঞ্জে ৫ উপজেলার ২৯ জন ইউপি চেয়ারম্যানকে শপথ করানো হয়েছে। আজ ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অষ্টগ্রাম উপজেলার ৮টি, কটিয়াদী উপজেলার ৮টি, ভৈরবের ৬টি, হোসেনপুরের ৬টি এবং সদরের একটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করানো হয়েছে। স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়াম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পরভেজ ও অষ্টগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।
শপথ অনুষ্ঠানের আগে চেয়ারম্যানদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেছেন, কয়েকজন একাধিকবার চেয়ারম্যান হয়েছেন। তারা ভাল কাজ করেছেন বলেই জনগণ আবার নির্বাচিত করেছে। আর অধিকাংশই এবার প্রথম নির্বাচিত হয়েছেন। তাদেরকেও সততার সঙ্গে জনগণের জন্য এলাকার জন্য ভাল কাজ করতে হবে। তাহলে আবারও জনগণ তাদেরকে নির্বাচিত করবে। তিনি সকারের জনমুখি কর্মসূচীগুলো সফল করার জন্য চেয়ারম্যানদের দায়িত্ব পালনের তাগিদ দিয়ে বলেন, এসডিজি গোলে খাদ্যের নিরাপত্তা, শিক্ষার অধিকারের কথা বলা ছিল। কিন্তু এসডিজি গোলে পুষ্টিকর ও মানসম্মত খাবার এবং উন্নত শিক্ষার কথা বলা হয়েছে। এগুলি অর্জন করতে হবে। তিনি গ্রাম আদালতকে কার্যকর করার আহবান জানিয়ে বলেন, এর মাধ্যমে গ্রামের অনেক বিরোধ নিষ্পত্তি করে এলাকায় শান্তিশৃংখলা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন, সরকার সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জায়গার ওপর একটি করে ঘর বানিয়ে দিচ্ছে। এতদিন প্রতিটি ঘরের জন্য এক লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ ছিল। এখন বরাদ্দ বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার টাকা করা হচ্ছে।
স্থানীয় সরকারের উপপরিচালক বলেছেন, ইউনিয়নে এলজিএসপির যেসব কাজ হয়েছে, সেগুলির অডিট হচ্ছে। এসব কাজে নতুন চেয়ারম্যানদের সহায়তা করতে হবে। আগামী দিনে প্রত্যেক ইউনিয়নের জন্য প্রাথমিকভাবে এলজিএসপির ৫ লাখ টাকার বরাদ্দ আসবে। পরবর্তীতে আরও ৫ লাখ টাকা আসবে। ফলে প্রকল্প নেয়ার সময় তিনি প্রথমেই দ্বিগুণ টাকার প্রকল্প নেয়ার জন্য চেয়ারম্যানদের পরামর্শ দিয়েছেন। তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন যথাসময়ে সঠিকভাবে করার জন্যও সবাইকে তাগিদ দিয়েছেন। এর ব্যত্যয় হলে অর্থদণ্ড এবং কারাদণ্ডের বিধান রয়েছে। প্রত্যেক ইউনিয়নের জন্য কোভিড মোকাবেলায় ৩৫ হাজার ৬শ’ টাকা করে বরাদ্দ দেয়া হবে বলেও তিনি জানিয়েছেন।