• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ভাসমান কৃষিতে মিষ্টি কুমড়ার অভাবনীয় ফলন

কিশোরগঞ্জে ভাসমান
কৃষিতে মিষ্টি কুমড়ার
অভাবনীয় ফলন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ভাসমান শাকসবজি চাষে দেখানো হচ্ছে একের পর এক চমক। ফুলকপি, বাঁধাকপি আর ফুল চাষের পর এবার ভাসমান বাগান থেকে আহরণ করা হলো মিষ্টি কুমড়া। আগামী দিনে শাকসবজির চাহিদা পূরণে ক্রমশই সফল বিকল্প পদ্ধতি হিসেবে পথ দেখাচ্ছে ভাসমান চাষাবাদ প্রযুক্তি। আগামী ২০৩০ সালের মধ্যে খাদ্যশস্য আর শাকসবজির উৎপাদন দ্বিগুণ করার সরকারের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বি.এ.আর.আই-বারি) আর ধান গবেষণা ইনস্টিটিউট (বি.আর.আর.আই)। বারি গবেষণা করে থাকে বিভিন্ন রকম শাকসবজি আর ফলমূল নিয়ে। আর বারির তৃণমূলের গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কিশোরগঞ্জের সরেজমিন গবেষণা কেন্দ্র সরকারের লক্ষ্য পূরণের স্বপ্ন বাস্তবায়নে ক্রমাগত সাফল্য দেখিয়ে চলেছে।
সরেজমিন গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিন সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার কৃষকদের মধ্যে বদ্ধ জলাশয়ে কচুরিপানার ভাসমান বেডে শাকসবজি, মসলা জাতীয় ফসল আর ফুল চাষে আগ্রহ তৈরি করতে সক্ষম হচ্ছেন। অনেকেই এই ভাসমান কৃষিতে সফল হচ্ছেন। আর এই সফল ভাসমান কৃষি দেখে অন্যান্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন। জেলা শহরের নরসুন্দা নদীর ওপর বেশ কিছু কচুরিপানার ভাসমান বেডে চাষাবাদ করা হচ্ছে। পার্শ্ববর্তী গাইটাল এলাকার কৃষক আল আমিন আর মাসুমকে দিয়ে সফল ভাসমান চাষাবাদ করাচ্ছেন ড. মহিউদ্দিন। এসব ভাসমান বেডে দু’রকম চাষাবাদ পদ্ধতি অবলম্বন করা হয়। কিছু শাকসবজি এবং মসলা জাতীয় ফসল সরাসরি ভাসমান বেডেই উৎপাদিত হচ্ছে। আবার কিছু লতানো সবজির ছোট ছোট চারা ভাসমান বেডে রোপন করা হয়। আর বেডের পাশেই নদীর ওপর তৈরি করা হয় বাঁশের মাচা। চারাগুলো বড় হলে তুলে দেয়া হচ্ছে ওই মাচার ওপর। আর পরিণত বয়সে এসব গাছ থেকে মাচার নীচ দিকে ঝুলে থাকে সারি সারি লাউ, মিষ্টি কুমড়া, শশা, ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দুল আর করলার মত সবজি। মাসুমের এরকমই একটি মাচায় ফলেছে চকচকে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার এ জাতটির নাম দেয়া হয়েছে ‘বারি হাইব্রিড মিষ্টি কুমড়া-৩’। আর এ ধরনের সবজি বাগানে এক ধরনের মাছি জাতীয় পোকার আক্রমণ হয়। এসব পোকা সবজির দেহে ছিদ্র করে তাতে ডিম পাড়ে। আর ডিম থেকে সবজির ভেতর এক ধরনের পোকা জন্ম নিয়ে সবজিটি ধংস করে দেয়। ফলে এসব মাছি জাতীয় পোকা দমনের জন্য মাচায় ব্যবহার করা হয় হাল সময়ের পোকা দমনের প্রযুক্তি সেক্স ফেরোমন ফাঁদ। এর বাইরে এসব বাগানে কোন রাসায়নিক কীটনাশক যেমন প্রয়োগ করা হয় না, তেমনি কোন রাসায়নিক সারেরও প্রয়োজন হয় না। পঁচা কচুরিপানার ভাসমান বেডই সবজি গাছের জন্য জৈব সার হিসেবে কাজ করে। এসব কারণেই ভাসমান কৃষির শাকসবজি যেমন জনস্বাস্থ্যের জন্য নিরাপদ, আবার স্বাদেও অতুলনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *