কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলাকে সংযোগ করেছে ‘কাওনা সেতু’। সেতুটি নতুন করে নির্মাণ শুরু হয়। দুই পাশে দুটি গার্ডার নির্মাণের পর গত আট মাস ধরে উধাও রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণ কাজ আটকে থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সাধারণকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুটি পাকুন্দিয়া উপজেলার জাঙালিয়া ইউনিয়নের শেষ প্রান্ত নরসুন্দা নদের ওপর কাওনা এলাকায় অবস্থিত। সেতুটির ওপর পাশ থেকে হোসেনপুর উপজেলা শুরু। পাকুন্দিয়া-হোসেনপুর উপজেলার সংযোগ ছাড়াও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অনেক মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে ঢাকায় আসা-যাওয়া করেন। এজন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। সড়কের ওই অংশের সেতুটি অনেক পুরনো হওয়ায় ঝুঁকিপূর্ণ বিবেচনায় সম্প্রতি নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি।
হোসেনপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৩৭৮০ মিটার চেইনেজে ৪০ মিটার দৈর্ঘ্যরে পিসি গার্ডার ব্রীজের নির্মাণ কাজের জন্য গত বছরের ১১ফেব্রুয়ারী কুমিল্লার এইচ/এল-৪৬৪, পুনাম পেলস, এইচটিবিএল সার্চের (জেবেকা) সঙ্গে চুক্তি হলেও সাব-ঠিকাদার হিসেবে কিশোরগঞ্জের এস আলম চুক্তিবদ্ধ হন। সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ৩০মে। প্রায় তিন কোটি টাকা বরাদ্দের সেতুটি নির্মাণের কাজ শুরু করে দুই পাশে দুটি গার্ডার নির্মাণের পর উধাও হয় ঠিকাদারি প্রতিষ্ঠান। গত আট মাস ধরে কাজ ফেলে ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও হওয়ায় নদের উপর অস্থায়ী বাঁধ দিয়ে সাময়িকভাবে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাওনা এলাকার নরসুন্দা নদের দুই পাড়ে দুটি গার্ডার নির্মাণ আছে। নদের দক্ষিণ পাশে অস্থায়ী বাঁধ দিয়ে যান চলাচলের ব্যবস্থা রয়েছে। ওই বাঁধের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে বাস, ট্রাক, পিকআপ, অটোরিকশাসহ যান চলাচল করছে।
অটোরিকশা চালক উজ্জল মিয়া বলেন, সেতুটির নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই দুর্ভোগ নিয়ে চলাফেরা করতে হচ্ছে। যে বাঁধ দেওয়া হয়েছে সেটি দিয়ে অটোরিকশা আসা-যাওয়া করার সময় প্রায়ই উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে। তাই যাত্রীদের এক পাড়ে নামিয়ে ওইপাড়ে যাওয়ার পর ফের উঠানো হচ্ছে।
বিল্লাল হোসেন পাপ্পু নামের এক পথচারী বলেন, প্রায়ই এ সড়ক দিয়ে আসা-যাওয়া করতে হয়। সেতুটির নির্মাণ কাজ আটকে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শুকনো শুকনো যাতায়াতের সময় বালুময় ও বর্ষা মৌসুমে কাদাময় হয়ে থাকে। এতে অনেক কষ্টে যান চলাচল করলেও প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।
আজহারুল হক তরুণ নামে একজন স্কুল শিক্ষক জানান, হোসেনপুর উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠাতে তিনি শিক্ষকতা করেন। প্রতিদিন এ সড়ক দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। সড়কটির এই সেতুটির নির্মাণ কাজ আটকে থাকায় পারাপার করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত এটির নির্মাণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি চেয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান এস আলমের মালিক মো. শফিকুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোটি টাকার উপরে বিল আটকা রয়েছে। যেজন্য টাকার অভাবে কাজ বন্ধ রয়েছে। তবে এক কোটি ১০ লাখ টাকার একটি বিল ইদানিং পেয়েছি। শিশগিরই কাজ শুরু করব।
কিশোরগঞ্জ জেলা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল বাকী বলেন, আমি নতুন এসেছি। বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। এতদিন কাজ বন্ধ থাকার কারণ জানাতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। ১০দিনের মধ্যে কাজ শুরু করতে বলা হয়েছে। অন্যথায় চুক্তি বাতিল করা হবে।