• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কারাগারে ৫০ ভাগ আসামীই মাদকের, কিশোরগঞ্জে মাদক আসে প্রধানত সড়ক ও নৌপথে

কারাগারে ৫০ ভাগ
আসামীই মাদকের
কিশোরগঞ্জে মাদক আসে
প্রধানত সড়ক ও নৌপথে

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে মাদক ব্যবসা সম্প্রতি ভয়াবহরকম বেড়েছে। র‌্যাব আর পুলিশের অভিযানে প্রায়ই ইয়াবা এবং গাঁজার বড় বড় চালান ধরা পড়ছে। তার পরও কিছুতেই মাদক ব্যবসা বন্ধ হচ্ছে না বা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং মিয়ানমার থেকেই মূলত বাংলাদেশে নানা জাতের নানা নামের মাদক ঢোকে। এসব মাদক হাতবদল হয়ে কিশোরগঞ্জেও ঢুকছে। এখন জেলা কারাগারে যত বন্দি রয়েছে, এর ৫০ ভাগই মাদকের মামলার আসামী।
কিশোরগঞ্জে প্রধানত দু’টি রুটে মাদক আসে। সড়কপথ, নৌপথ এবং রেলপথ। তবে রেলপথ মাদক কারবারিদের জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ। কারণ ট্রেনের সংখ্যা হাতে গোনা কয়েকটি। ফলে ট্রেনে নজরদারি জারি রাখা অনেকটাই সহজ। কিন্তু সড়কপথ আর নৌপথে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। ফলে অনেক সময় আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকবাহী যানবাহন চলে আসতে পারছে। কিশোরগঞ্জে দেশের পশ্চিমাঞ্চল বা উত্তরবঙ্গ হয়ে খুব একটা মাদক আসে না। মূলত বৃহত্তর সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং কক্সবাজার সীমান্ত দিয়ে যেসব মাদক বাংলাদেশে ঢোকে, সেসব চালন থেকেই কিশোরগঞ্জে মাদক ঢুকছে।
সড়কপথে মূলত ব্রাহ্মণবাড়িয়া এবং কক্সবাজার থেকে মাদক আসছে। আর নৌপথে মূলত বৃহত্তর সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক আসছে। কারণ কিশোরগঞ্জের সঙ্গে বিস্তীর্ণ হাওরাঞ্চল এবং নদীপথে বৃহত্তর সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়ার যোগাযোগ ব্যবস্থা বহুকালের পুরনো। বৃহত্তর সিলেটের মাদকগুলো মূলত নৌপথে করিমগঞ্জের চামড়া নৌবন্দর এবং বালিখলা নৌঘাট হয়ে জেলার বিভিন্ন এলাকায় চয়ে যাচ্ছে। আর ব্রাহ্মণবাড়িয়ার মাদকগুলো নৌপথে বাজিতপুরের পাটলি দিঘিরপার খেয়াঘাট হয়ে জেলার বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। এমনকি এসব রুটে মাদক ঢুকে কিশোরগঞ্জ হয়ে দেশের অন্যান্য জেলায়ও চলে যাচ্ছে। যে কারণে প্রায়ই আইন শৃংখলা বাহিনীর হাতে সড়কপথে যেমন মাদক ধরা পড়ছে, তেমনি চামড়া নৌবন্দর, বালিখলা ঘাট এবং পাটলি দিঘিরপাড় খেয়াঘাটেও বিপুল পরিমাণ মাদক ধরা পড়ছে। এক সময় হেরোইন আর ফেনসিডিলের দাপট থাকলেও এখন হেরোইন আসে না বললেই চলে। মাঝে মাঝে বেশ কিছু ফেনসিডিল এখনও ধরা পড়ছে। তবে ইদানিং বেশি ধরা পড়ছে ইয়াবা এবং গাঁজা। এর সঙ্গে মাদক ব্যবসায়ী বা বাহক হিসেবে ধরা পড়ছে বৃহত্তর সিলেটের বিভিন্ন জেলার বাসিন্দা এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দারা। এমনকি ছোট মাদক ব্যবসায়ী বা মাদকের বাহক হিসেবে প্রায়ই নারী এবং কিশোর-তরুণরাও ধরা পড়ছে। জেলার বিভিন্ন উপজেলার মাদক ব্যবসায়ীরাও ধরা পড়ছে।
কিশোরগঞ্জের ভৈরবকে মাদক সরবরাহের ট্রানজিট পয়েন্ট বা জংশন বলা হয়ে থাকে। কারণ ভৈরব হচ্ছে রেলপথ, সড়কপথ এবং নৌপথের জংশন এলাকা। যে কারণে এই তিন পথেই ভৈরব হয়ে দেশের বিভিন্ন এলাকায় মাদকের বড় বড় চালান চলে যায়। আবার ভৈরবেও রয়েছে শক্তিশালী মাদক সিন্ডিকেট। এদের পেছনে শক্তিশালী খুঁটি কাজ করে বলেও অভিযোগ রয়েছে। আবার কিশোরগঞ্জ শহর এবং শহরতলিরও বিভিন্ন জায়গায় মাদকের কেনাবেচা চলে। তবে বেশি মাদক ধরা পড়ে মনিপুরঘাট, যশোদল এবং তারাপাশা এলাকায়। এছাড়া এখন জেলাও হাওরাঞ্চলেও প্রায়ই মাদক ধরা পড়ছে। উঠতি বয়সের কিশোর-তরুণরা নেশার দিকে ঝুঁকছে। বিশেষ করে করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী মাদকের হাতছানির শিকার হচ্ছে বলে বিভিন্ন অনুষ্ঠানের আলোচনায় উঠে আসছে। কিশোরগঞ্জের জেল সুপার মো. বজলুর রশিদ জানিয়েছেন, বৃহস্পতিবার জেলা কারাগারে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দি ছিল এক হাজার ৩৮৫ জন। এদের প্রায় ৫০ ভাগই মাদকের আসামী। ছোট ছোট মাদক ব্যবসায়ী এবং বাহকরা ধরা পড়লেও বড় মহাজনরা ধরাছোঁয়ার আড়ালেই থেকে যাচ্ছে। ফলে মাদকের বড় বড় মহাজন বা গডফাদাররা ধরা না পড়লে মাদক নিয়ন্ত্রণ দুরূহ হয়ে পড়বে বলে অভিজ্ঞজনদের ধারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *