• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা র‌্যাবের অভিযানে ৪ আসামি গ্রেফতার

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে নির্মাণাধীন মসজিদের নৈশ প্রহরী কামাল মিয়া (৪৫)’কে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মামলার প্রধান আসামি মুক্তাদির (২৪)সহ চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
২ ফেব্রুয়ারি বুধবার রাতে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে ভৈরব পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মুক্তাদির (২৪), ফরহাদ মিয়া (২৬), সাজন মিয়া (২৮) ও আহসান উল্লাহ (২৬)।
তাদের মধ্যে প্রধান আসামি মুক্তাদির ভৈরবপুর উত্তরপাড়ার ওহিদ মিয়ার ছেলে, ফরহাদ মিয়া কমলপুর পঞ্চবটির মারফত আলীর ছেলে, সাজন মিয়া একই এলাকার রতনের ছেলে এবং আহসান উল্লাহ একই এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে।
অন্যদিকে নিহত কামাল মিয়া ভৈরবের ঘোড়াকান্দা এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি ঘোড়াকান্দা এলাকার নির্মাণাধীন একটি মসজিদের নৈশ প্রহরী ছিলেন।
এ বিষয়ে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের আজ ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে ভৈরব র‌্যাব ক্যাম্পে সাংবাদিক সম্মেলনে জানান, কামাল মিয়া ও জাকির মিয়ার সাথে মাদক ব্যবসায়ী ওমান ও তার সহযোগীদের বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এই পূর্ব শত্রুতার জের হিসেবে ২ ফেব্রুয়ারি বুধবার ভোর রাত ৩টায় ওমানের নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে রামদা, বল্লম, চাপাতি ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে কামাল মিয়া ও জাকির মিয়ার উপর অতর্কিত হামলা করে। এ সময় হামলাকারীরা তাদের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে কামাল মিয়া ও জাকির মিয়া গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দুপুর সাড়ে ১২টায় কামাল মিয়ার মৃত্যু হয়। এছাড়া জাকির মিয়া মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মুক্তাদির, ফরহাদ মিয়া, সাজন মিয়া, আহসান উল্লাহসহ মোট ২৩ জন ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা (নং-০৪, তারিখ-০২/০২/২০২২ খ্রি., ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/ ৩৪ পেনাল কোড) দায়ের করা হয়েছে।
মামলার আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনা করে মুক্তাদির, ফরহাদ মিয়া, সাজন মিয়া ও আহসান উল্লাহ এই চার আসামিকে গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *